মনের খোরাক জোগাতে আড্ডা আর গানের কোনো বিকল্প নেই—এই ভাবনা থেকেই কিশোর আলোর আয়োজনে অনুষ্ঠিত হলো কিআড্ডা ১১৩। শুরুতে কিশোর আলোর পাতা উল্টে পাঠকদের পছন্দ-অপছন্দ ও সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা চলে। আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচ, কিশোর আলোয় প্রকাশিত বিস্কুট নিয়ে আলোচনাসহ নানা প্রসঙ্গ উঠে আসে। তিনটি ভিন্ন পর্বে সাজানো হয়েছিল এ আয়োজন, যেখানে ছিল মস্তিষ্কের সক্ষমতা, গান এবং মিউজিক প্রশিক্ষণ।

প্রথম পর্বে মস্তিষ্কের ব্যায়াম নিয়ে আলোচনা করেন অতিথি ফারহাদ হক, যিনি 'ব্রেইন ফরোয়ার্ড' স্টার্টআপের মাধ্যমে মস্তিষ্কের যত্নে কাজ করছেন। তিনি জানান, সামুদ্রিক মাছ কম খাওয়া এবং দৈনিক ছয় ঘণ্টার বেশি স্ক্রিন টাইমের ফলে অনেকের মধ্যে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি বা মনোযোগের ঘাটতি দেখা যাচ্ছে। এই সমস্যা কাটাতে তিনি 'ব্রেইন বায়োহ্যাকিং' ব্যায়ামের পরামর্শ দেন। মস্তিষ্কের ডান ও বাম অংশ নিয়ে গবেষণার জন্য রজার ডব্লিউ স্পেরির নোবেল পাওয়ার কথাও তাঁর আলোচনায় উঠে আসে। জাপানি স্নায়ুবিজ্ঞানীদের উদ্ভাবিত ১২-১৪টি ওয়ার্মআপ ব্যায়ামের মধ্যে 'ওয়ান বাই ফোর ফিঙ্গার মুভমেন্ট', 'ডাকবিল' ও 'ওকে এক্সারসাইজ' শেখানো হয়। এ ছাড়া পরীক্ষা বা বিপদের সময় নিজেকে শান্ত রাখতে ব্রেইন ওয়েভকে আলফা লেভেলে নেওয়ার কৌশল হিসেবে চার সেকেন্ড শ্বাস নেওয়া, ধরে রাখা, ছাড়া এবং আবার ধরে রাখার 'ডিপ ব্রিদিং' পদ্ধতি চার-পাঁচ মিনিট চর্চার পরামর্শ দেন তিনি। অংশগ্রহণকারীরা অপ্রধান হাত দিয়ে কাজ করে মস্তিষ্কের দুই পাশের কর্মক্ষমতা বাড়ানোর কৌশলও শেখেন।

এরপর মঞ্চে আসেন ‘চিৎকার’ ব্যান্ডের ভোকাল পদ্ম। তিনি কিশোর আলোর জন্য পরীক্ষামূলক গান তৈরি করছেন। বিভিন্ন ধারার গান শুনিয়ে তিনি পাঠকদের মতামত নেন। ‘যতদূর যেতে চাও ততদূর তোমার’সহ বেশ কয়েকটি মৌলিক গান পরিবেশন করেন তিনি। পরে কিশোর আলোর সভায় নতুন সদস্যদের অভিজ্ঞতা ও কিশোর আলো পড়া শুরু করার কাহিনি নিয়ে আলোচনা করেন নির্বাহী সম্পাদক আদনান মুকিত।

তৃতীয় পর্বে মিউজিশিয়ান শেখ সালেকীনের পরিচালনায় মিউজিক ওয়ার্কশপ শুরু হয়। ছন্দে তালি দেওয়া আর নিজের নাম বলার মধ্য দিয়ে কর্মশালার সূচনা। ব্রিটিশ রীতিতে মিউজিকের টাইম ভ্যালু—৪ বিটের সেমি ব্রিভ, ২ বিটের মিনিম, ১ বিটের ক্রচেট আর হাফ বিটের কোয়েভার—সম্পর্কে বিস্তারিত শেখানো হয়। এরপর মিউজিশিয়ান সামিত মঞ্জুর গিটার বাজিয়ে কোল্ডপ্লের ‘ফিক্স ইউ’ গানটি পরিবেশন করেন। সবশেষে অনুষ্ঠিত হয় কিআ কুইজ, যেখানে ‘বিস্কুট’ শব্দের উৎস নিয়ে মজার প্রশ্নে জমে ওঠে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

আড্ডার ফাঁকে জানা যায়, শুধু গানের কর্মশালায় যোগ দিতেই খুলনা থেকে ছুটে এসেছেন এক পাঠক! দিনভর এই আয়োজনের স্মৃতি ধরে রাখতে সবার একসঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। সঞ্চালনায় ছিলেন কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের।