কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় রাস্তা ব্যবহার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক কলেজশিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শফি উল্লাহ (২৩) নামের ওই তরুণ গত শনিবার বিকেল চারটায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। প্রাথমিকভাবে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাকে রাতে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। নিহত শফি উল্লাহ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়ার বাসিন্দা হাফেজ মুখতার আহমদের ছেলে। তিনি হ্নীলার মাঈনুদ্দীন মেমোরিয়াল ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
মৃতের বড় ভাই হাবিব উল্লাহ জানান, বাড়ির পাশের চলাচলের রাস্তা নিয়ে তাদের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে বিচারাধীন ছিল। বিচার শেষ হওয়ার আগেই প্রতিপক্ষ জহির আহমদ ও তার ছেলে ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইলিয়াসসহ কয়েকজন শনিবার বিকেলে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে শফি উল্লাহকে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
নিহতের বাবা মুক্তার আহমদ অভিযোগ করেন, শফি উল্লাহকে মারধরের পাশাপাশি মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সে কয়েকবার বমি করেছিল। অভিযুক্ত জহির আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শুভ মিত্র বলেন, বাড়ির পাশের রাস্তা ব্যবহার নিয়ে শফি উল্লাহর সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




