সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের চার প্রতিযোগী। প্রতিযোগিতার চতুর্থ বিভাগে পবিত্র কোরআন মুখস্থ করে প্রথম স্থান দখল করেছেন বাংলাদেশের মোহাম্মদ জাকারিয়া। এই কৃতিত্বের জন্য তিনি ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ ৮১ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

একই বিভাগে নারীদের মধ্যে তৃতীয় হয়েছেন বাংলাদেশের রাবিতা বিনতে রমজান। তিনি ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল (৪২ লাখ ৩০ হাজার ২০০ টাকা) পুরস্কার লাভ করেছেন। মিয়ানমারের থিন জি মুন এই বিভাগে প্রথম, ফিলিস্তিনের রুবা শাহির ইউসুফ ইউনুস দ্বিতীয় হয়েছেন। এছাড়া ওমানের মাইসাম বিনতে আহমেদ বিন মোহাম্মদ বিন সারহান আল-হাবসিয়া চতুর্থ এবং ইন্দোনেশিয়ার ফাহিমা নাজাহা আল-শরিফা পঞ্চম স্থান পেয়েছেন।

নারীদের তৃতীয় বিভাগে সম্পূর্ণ কোরআন মুখস্থ ও উত্তম তিলাওয়াতের জন্য তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের মাসফিরা বিনতে মাহমুদ। তিনি ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (৫৮ লাখ ৩৪ হাজার ৪৮০ টাকা) পুরস্কার পেয়েছেন। এই বিভাগে আলজেরিয়ার সাফা ইমান বিন ইয়াহইয়া প্রথম হয়ে ২ লাখ রিয়াল এবং ঘানার জয়নাব আবদুর রহমান দ্বিতীয় হয়ে ১ লাখ ৯০ হাজার রিয়াল পুরস্কার জিতেছেন।

পুরুষদের তৃতীয় বিভাগে সম্পূর্ণ কোরআন হিফজ ও তিলাওয়াতের জন্য বাংলাদেশের শেখ মোহাম্মদ মাহমুদ আল-হাসান তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার রিয়াল। এই বিভাগে লিবিয়ার নাজি আতিয়াহ নাজি বিন সুলাইমান প্রথম এবং তিউনিসিয়ার মোহাম্মদ আল-হাদি আল-গারবি দ্বিতীয় স্থান লাভ করেছেন।

সৌদি সংবাদমাধ্যম আজেলের খবরে জানানো হয়েছে, এবারের প্রতিযোগিতায় মোট ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিজয়ীদের জন্য মোট পুরস্কারের অর্থ এক কোটি সৌদি রিয়ালেরও বেশি। সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীরা কোরআন মুখস্থ, শুদ্ধ উচ্চারণ ও সুরের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।