বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) জন্য এক গুরুতর চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সংস্থাটির আর্থিক কার্যক্রম ও লেনদেন নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’, যারা ঘটনার বিষয়ে অবহিত দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
২০২৫ সাল থেকেই এই প্রাথমিক তদন্তের রূপরেখা তৈরি হচ্ছিল বলে জানা গেছে। তদন্তকারীদের মূল নজর এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার দিকে। মার্কিন মাটিতে কীভাবে এই ফুটবল সংস্থা নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা ব্যবহার করে কোটি কোটি ডলার লেনদেনের পেছনে কোনো আইন লঙ্ঘন রয়েছে কি না, তা যাচাই করছেন গোয়েন্দারা।
ইতিমধ্যেই তদন্তের অংশ হিসেবে ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে টানা তিন ঘণ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশ্নবাণে জর্জরিত করা হয়েছে। ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআই এজেন্টরা এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় অংশ নেন। তাপিয়ার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
তদন্তকারীরা আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের সাবেক কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের তালিকায় রাখার বিষয়টি বিবেচনা করছেন। যারা সাম্প্রতিক বছরগুলোতে এএফএর কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারক করেছেন, কিংবা সংস্থাটির সংবেদনশীল তথ্য তাদের কাছে রয়েছে, তাদের থেকেই জবানবন্দি নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।




