জুন মাসে ঢাকায় ওয়ানডে সিরিজ খেলার পর প্রায় দুই মাস ক্রিকেটের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার মারনাস লাবুশেন। টানা ব্যস্ত সূচির কারণে ক্যারিয়ারের এই দীর্ঘতম বিরতি পাওয়ার পর আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজে পুরনো ছন্দে ফেরার ব্যাপারে দারুণ আশাবাদী তিনি। বিরতির পুরো সময়টাই তিনি নিজের ব্যাটিং ত্রনিক সংশোধনের পেছনে ব্যয় করেছেন বলে জানান।
অস্ট্রেলিয়া দল ব্রিসবেনে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি হিসেবে ম্যাচ সিমুলেশন অনুশীলন শেষ করে। পরবর্তীতে সাংবাদিকদের সাথে আলাপকালে লাবুশেন এই বিরতির মূল্য তুলে ধরেন। তিনি বলেন, টানা ম্যাচের চাপে ছোট ছোট মৌলিক বিষয়গুলো অনুশীলনের সুযোগ মেলে না, কিন্তু এই ৮ সপ্তাহ সেই অভাব পূরণের সুযোগ করে দিয়েছে। তিনি ঘণ্টার পর ঘণ্টা মৌলিক স্কিল, ব্যাটিংয়ের ধরন ও সামগ্রিক টেকনিকের উন্নতিতে কাজ করেছেন এবং এটিকে তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।
লাবুশেনের সাম্প্রতিক পরিসংখ্যান আশাব্যাঞ্জক নয়। ২০১৯ থেকে ২০২১ সালের মাঝামাঝি সময়ে ১৩ টেস্টে ৭২.৮৩ গড়ে ৫ সেঞ্চুরি ও ৯ ফিফটি করা এই ব্যাটার ২০২৩ সালের অ্যাশেজ সিরিজের পর থেকে এখন পর্যন্ত ২০ টেস্টে একটি সেঞ্চুরিও করতে পারেননি এবং তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে মাত্র ২৬.৬১।
এই দীর্ঘ সেঞ্চুরি-খরা কাটিয়ে আবার সেরা ছন্দে ফেরার ব্যাপারে লাবুশেন আত্মবিশ্বাসী। তার মতে, গত চার-পাঁচ বছর ধরে ব্যাটিংয়ের কিছু টেকনিক্যাল সমস্যা ক্রমেই বেড়েছে এবং তিনি সব সময় স্বল্পমেয়াদি সমাধান খোঁজার চেষ্টা করে গেছেন। এবারের বিরতি তাকে সেসব সমস্যার মূলে পৌঁছে দীর্ঘমেয়াদি সমাধান করে নেওয়ার সুযোগ করে দিয়েছে। এই কঠোর পরিশ্রমের ইতিবাচক ফলাফল খুব দ্রুতই দেখা যাবে বলে তিনি মনে করেন।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৩ আগস্ট ডারউইনে এবং দ্বিতীয় ম্যাচটি ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে। এই সিরিজকেই ছন্দে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন লাবুশেন।




