মাত্র ১৯ বছর বয়সী ফুটবল তারকা লামিনে ইয়ামাল সম্প্রতি কিনে ফেলেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও স্পেনের সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকের একসময়ের বাসভবন। বার্সেলোনার এসপ্লুগেস দে ইয়োব্রেগাত এলাকায় অবস্থিত এই ম্যানশনের মূল্য ধরা হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১৫৫ কোটি টাকার কাছাকাছি।

২০১২ সালে নির্মিত এই বাড়িটি দীর্ঘদিন শাকিরা ও পিকের সংসারের সাক্ষী ছিল। তবে ২০২২ সালে তাদের বিচ্ছেদের পর সম্পত্তিটি বিক্রির জন্য তোলা হয়। প্রথমে দাম নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো। কিন্তু ক্রেতা না পাওয়ায় আংশিক সম্পত্তি আলাদাভাবে বিক্রি করা হয় এবং মূল ম্যানশনের দাম কমিয়ে ১ কোটি ১০ লাখ ইউরো করা হয়। শেষ পর্যন্ত সেই দামেই বাড়িটি কিনে নেন ইয়ামাল।

প্রায় ৩ হাজার ৮০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত এই এস্টেটটি যেন একটি ব্যক্তিগত রিসোর্টের মতো। এতে রয়েছে ছয়টি প্রশস্ত শয়নকক্ষ, পাঁচটি আধুনিক গোসলখানা, ভেতরে ও বাইরে দুটি সুইমিং পুল, ব্যক্তিগত টেনিস কোর্ট, অত্যাধুনিক শরীরচর্চাকেন্দ্র, একাধিক টেরেস এবং অতিথিদের জন্য আলাদা লাউঞ্জ। সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো পেশাদার রেকর্ডিং স্টুডিও, যেখানে একসময় গান তৈরি করতেন শাকিরা। কাচে ঘেরা বসার ঘর থেকে ভূমধ্যসাগরের মনোরম দৃশ্য দেখা যায়। সবুজ লন ও পুলসাইড লাউঞ্জ পুরো বাড়িটিকে পাঁচতারকা অবকাশযাপনকেন্দ্রের চেহারা দিয়েছে।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন মালিক ইয়ামাল বাড়িটি নিজের পছন্দমতো সাজানোর পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, শাকিরার ব্যবহৃত রেকর্ডিং স্টুডিওটি তিনি ব্যক্তিগত সিনেমা কক্ষ বা অত্যাধুনিক গেমিং রুমে রূপান্তর করতে পারেন। পুরো বাড়িতেই আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন সাজ আনার কথাও ভাবছেন তিনি।

ইয়ামালের এত অল্প বয়সে এত বড় সম্পদের মালিক হওয়া বিস্ময়কর নয়। সম্প্রতি বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন তিনি, যার আওতায় প্রতি মৌসুমে তাঁর আয় প্রায় ৩ কোটি ইউরো (প্রায় ৪২৩ কোটি টাকা)। এর বাইরে বিশ্বখ্যাত বিভিন্ন ক্রীড়া ও ফ্যাশন ব্র্যান্ডের স্পনসরশিপ থেকেও আসে বিপুল আয়। সব মিলিয়ে কৈশোরেই বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের একজন হয়ে উঠেছেন তিনি।

একসময় যে বাড়ির বারান্দায় দেখা যেত শাকিরা ও জেরার্ড পিকেকে, আজ সেই একই ঠিকানায় শুরু হচ্ছে লামিনে ইয়ামালের নতুন অধ্যায়। এটি শুধু একটি বাড়ি কেনার ঘটনা নয়; বরং নতুন প্রজন্মের এক সুপারস্টারের সাফল্য, স্বপ্ন ও বিলাসী জীবনযাত্রার প্রতীক।