যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের একটি স্মৃতিকথা আসছে নভেম্বরে, যেখানে হোয়াইট হাউসে তাঁর দায়িত্বপালনের নানা দিক উঠে আসবে। ‘প্রমিজ মি, আমেরিকা’ নামের বইটি প্রকাশনার দায়িত্বে রয়েছে লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি, এবং আগামী ১৭ নভেম্বর এটি প্রকাশের দিনক্ষণ ধার্য করা হয়েছে। বইয়ের পাতায় অর্থনীতি, করোনা মহামারি মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন উদ্যোগ, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত, বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত এবং ২০২৪ সালের নির্বাচনী দৌড় থেকে নিজের নাম প্রত্যাহেরের মতো বিষয়গুলো স্থান পাবে।
একটি ভিডিও বার্তায় বাইডেন বই সম্পর্কে বলেছেন, ‘এটি জাতি হিসেবে আমাদের চ্যালেঞ্জ, আমার নেওয়া সিদ্ধান্ত এবং তার পেছনের কারণ নিয়ে। সর্বোপরি, আমেরিকার প্রতিশ্রুতির প্রতি আমার আস্থার কাহিনি এটি।’ তবে বইটি প্রকাশের সময়কে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ পর বইটি পাঠকসমাজে আসবে। ওই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন, বাইডেনের রাজনৈতিক উত্তরাধিকার ও পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে দলের অভ্যন্তরীণ মতভিন্নতা বিদ্যমান থাকায় বইটি নতুন কোনো বিতর্কের জন্ম দিতে পারে।
সাবেক রাষ্ট্রপতির বয়স ও শারীরিক সক্ষমতা বিষয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় শিবির থেকেই আগে প্রশ্ন তোলা হয়েছিল। ২০২৫ সালে সাংবাদিক জেক ট্যাপার ও অ্যালেক্স থম্পসনের ‘অরিজিনাল সিন’ বইতে বাইডেনের শারীরিক অবনতি এবং তা গোপন করার অভিযোগ নিয়ে আলোচনা হয়। একই বছর তিনি নিজেই জানান যে তার প্রোস্টেট ক্যানসার হয়েছে। তবে সাম্প্রতিক ভিডিও বার্তায় তিনি নিশ্চিত করেছেন, চিকিৎসা চলছে এবং তিনি সুস্থ আছেন।
প্রকাশনা সংস্থাটি বইটির অগ্রিম সম্মানী বা চুক্তির আর্থিক অং প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্টদের স্মৃতিকথা প্রায়শই বহু মিলিয়ন ডলারের চুক্তিতে প্রকাশিত হয়ে থাকে। প্রেসিডেন্ট থাকাকালীন স্মৃতিকথা প্রকাশের দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় বাইডেনও তার হোয়াইট হাউসের অভিজ্ঞতা তুলে ধরছেন। তাঁর ৮৪তম জন্মদিনের মাত্র তিন দিন আগে বইটি প্রকাশ হবে। প্রকাশকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বই বের হওয়ার পর বাইডেন বিভিন্ন শহর সফর করবেন এবং গণমাধ্যমকেও সাক্ষাৎকার দেবেন।




