বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান অবশেষে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করেছেন। গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাসভবনে নিবন্ধনের মাধ্যমে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এর আগে আমিরের ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই এই বিয়ে নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটে। এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী রীনা দত্ত ও দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেও তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো বজায় রয়েছে।
বিয়ের পরপরই নবদম্পতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাড়ি জমিয়েছেন। এই সফর শুধু হানিমুন হিসেবে নয়, বরং দুই পরিবারের দুই সন্তানকে একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়াও এর একটি বড় উদ্দেশ্য। আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সংসারের ছেলে আজাদ রাও খান এবং গৌরীর আগের সংসারের ছেলে কুইন স্প্র্যাটও এই সফরে সঙ্গী হয়েছেন। ডেকান ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, গৌরীর ছেলের সাথে আমিরের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং নবগঠিত পরিবারে সবাই যাতে মানিয়ে নিতে পারে, সেটিও এই সফরের গুরুত্বপূর্ণ লক্ষ্য।
তবে এই ভ্রমণ সম্পূর্ণ অবকাশের জন্য নয়। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট মেলবোর্নে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে অংশ নেবেন আমির। সেখানে তাঁর অভিনীত ‘সিতারে জমিন পার’ ছবির জন্য তিনি সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন। উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী, প্যানেল আলোচনা ও মাস্টারক্লাস—সবকিছুতেই তিনি উপস্থিত থাকবেন। মেলবোর্নে প্রথমে পেশাগত অনুষ্ঠান সেরে তারপর পরিবারকে নিয়ে কয়েক দিন ব্যক্তিগত সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
এদিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, নতুন সংসার শুরু করে মুম্বাইয়ের একটি নতুন আবাসনে ওঠার পরিকল্পনাও করছেন আমির। পরিবারের সবাইকে কাছাকাছি রেখে নতুন অধ্যায় শুরু করতে চান তিনি, যদিও এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বর্তমানে মেলবোর্নে স্ত্রী ও সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন আমির খান। বলিউডের চাকচিক্য থেকে দূরে পরিবারকেই প্রাধান্য দিয়ে জীবনের এই নতুন পথচলা শুরু করলেন তিনি।



