গত শনিবার সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একটি মিলনায়তনে বাংলা সাহিত্যের দুই বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে এই আয়োজনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল বলে আয়োজকরা মনে করেন। অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, শিক্ষার্থী এবং স্থানীয় বাঙালি ও অন্যান্য ভাষাভাষী সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল শুধু দুজন কবি নন, বরং তাঁরা বাংলাদেশের জাতীয় চেতনার প্রতীক। তাঁদের সাহিত্য ও সংগীত বাংলাদেশের ঐতিহ্য এবং মানবতার পথ দেখিয়ে যায়। অনুষ্ঠানটিতে বিভিন্ন পরিবেশনা পরিবেশিত হয়। সিঙ্গাপুরের প্রতিষ্ঠিত শিল্পীরা রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত পরিবেশন করেন। আবৃত্তি সংস্থা 'কহন'-এর শিল্পীরা কবিতা পাঠ করেন। রবীন্দ্রনাথ ও নজরুলের রচনার ওপর ভিত্তি করে নৃত্য পরিবেশনা করা হয়, যাতে অংশ নেয় এসবিএস-সিএফএর শিশু ও কিশোর শিল্পীরা। এই আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ও সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদী। অনুষ্ঠানটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন সাংস্কৃতিক সম্পাদক তৌহিদা রহমান টিনা। মাযারুল আবেদীন ও তৌহিদা রহমান টিনা যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।



