বাংলাদেশকে আরও সবুজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ অনুরোধ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এই উদ্যোগের অংশ হিসেবে আজ সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হচ্ছে।
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা যেন স্কুলে বা বাসার আশপাশে যেখানে সম্ভব সেখানে প্রতিবছর একটি করে গাছ লাগানোর চেষ্টা করে। তিনি আরও বলেন, গাছ কতটুকু অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী কী উপকারে আসে—সেসব বিষয়ে শিশুরা ইন্টারনেটে গবেষণা করতে পারে। এভাবে প্রতি বছর একটি করে নতুন গাছ সম্পর্কে জানার সুযোগ পাবে তারা। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্কুলে লাগানো গাছ বড় হলে তা ছায়া দেবে এবং ক্লান্তিতে তার নিচে বিশ্রাম নেওয়া যাবে।
তিনি আরও বলেন, বাসায় গাছ লাগালে তা বড় হলে সুন্দর বাতাস বইবে এবং ঘরে বসেই সেই বাতাস উপভোগ করা যাবে, পাশাপাশি পরিবেশ ঠান্ডা থাকবে। তারেক রহমান আজকের দিনটিকে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেন, কারণ এই দিনে সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে বহু গাছ রোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণপ্রকৃতিবিষয়ক শিশুশিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




