নোভাক জোকোভিচকে নিয়ে নির্মিত নতুন একটি প্রামাণ্যচিত্রে কিংবদন্তি আন্দ্রে আগাসি তাঁকে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন। আটবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী আগাসি ‘নোভাক জোকোভিচ: দ্য উলফ ইন উইন্টার’ শিরোনামের এই তথ্যচিত্রে বলেছেন, “কেউ তার অর্জন স্পর্শ করতে পারবে না। তিনিই সর্বকালের সেরা।” আগাসি ২০১৭ সালের মে থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত জোকোভিচের কোচের দায়িত্ব সাময়িকভাবে পালন করেছিলেন।
আগামী ২০ আগস্ট প্রাইম ভিডিওতে বৈশ্বিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এই চলচ্চিত্রটি। টেনিসনাউডটকমের তথ্য অনুসারে, ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নের জীবন ও ক্যারিয়ারের গভীরে প্রবেশ করবে এই ডকুমেন্টারি। মাইকেল জর্ডান নিয়ে দশ পর্বের সিরিজ ‘দ্য লাস্ট ড্যান্স’-এর পরিচালক জেসন হেহির এই ছবিটি পরিচালনা করেছেন। এতে টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, পিট সাম্প্রাস এবং আগাসি ছাড়াও ক্রীড়া সাংবাদিক মেরি কারিলো, হাওয়ার্ড ব্রায়ান্ট, ক্রিস্টোফার ক্ল্যারি ও ম্যাট ফাটারম্যানের সাক্ষাৎকার স্থান পেয়েছে।
যুদ্ধবিধ্বস্ত সার্বিয়া থেকে উঠে এসেছিলেন জোকোভিচ। একসময় নাদাল ও রজার ফেডেরারের আধিপত্য থাকলেও, তিনি শেষ পর্যন্ত ২৪টি গ্র্যান্ড স্লাম জিতে তাদের দুজনকেই ছাড়িয়ে যান। তাঁর স্ত্রী জেলেনা ডকুমেন্টারিতে বলেছেন, “এই খেলা খেলতে হলে আপনাকে মার্জিত ও পরিশীলিত হতে হবে। আপনাকে হতে হবে মনোনীত ব্যক্তি। নোভাক মনোনীত ছিলেন না।”
জোকোভিচ নিজে বলেছেন, “এমন দিন আছে যখন আমি মনে করি আমিই সেরা, আবার এমন দিনও আছে যখন আমি নিজেকে নিয়ে খুব সন্দিহান থাকি। আমি আর কতদিন এটি চালিয়ে যাব? কেন আমি নিজেকে ও আমার পরিবারকে বারবার এই অবস্থার মধ্যে ফেলছি? সবচেয়ে বড় সন্দেহকারী এখানে রয়েছে, আর আমি অন্য কারও চেয়ে নিজেকে ভুল প্রমাণ করার বেশি চেষ্টা করি।” তিনি আরও বলেন, “লোকেরা মনে করে আপনি অনেক বড় সাফল্য অর্জন করেছেন, এখন আপনার উপভোগ করা উচিত। কিন্তু আমি তা উপভোগ করতে পারি না।”
সম্প্রতি উইম্বলডনের সেমিফাইনালে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন জানিক সিনারের কাছে হেরেছেন জোকোভিচ। ২০২৩ সালের ইউএস ওপেনের পর থেকে তিনি আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। তবে সিনার ও কার্লোস আলকারাজের মুখোমুখি হবার আগে তিনি নিয়মিত গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছে যান। আগামী মাসে ইউএস ওপেন শুরু হওয়ার আগে নিউ ইয়র্কের ফ্যানাটিকস ফেস্টে অংশ নেবেন তিনি।


