ভালোবাসার প্রচলিত ধারণা সাধারণত রোমান্টিক সম্পর্ক ও জীবনসঙ্গী লাভের আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ। তবে জাপানি সংস্কৃতি এ বিষয়ে ভিন্ন ও গভীর দৃষ্টিভঙ্গি পোষণ করে। তাদের মতে, কোনো ব্যক্তি জীবনে আসে নির্দিষ্ট সময়ের জন্য, কিছু সুন্দর স্মৃতি ও অভিজ্ঞতা উপহার দিতে। তাই ভালোবাসার সাতটি ভিন্ন মাত্রা সম্পর্কে জানা জরুরি।
প্রথম ধারণাটি হলো 'ইচিগো ইচিয়ে', যার অর্থ 'এক জীবন, এক সাক্ষাৎ'। এই দর্শন প্রতিটি মুহূর্তকে অনন্য ও অমূল্য হিসেবে বিবেচনা করে। প্রিয়জনের সঙ্গে কাটানো প্রতিটি কথোপকথন ও দেখা—সবকিছুই একবারই ঘটে, তাই তা যথাযথ মূল্যায়ন করা উচিত।
দ্বিতীয়টি হলো 'নিনতাই' বা ধৈর্য ও সহনশীলতা। সম্পর্ক কেবল আবেগনির্ভর নয়, বরং এটি ধৈর্যের পরীক্ষাও বটে। মতভেদ, কঠিন সময় বা অপূর্ণতা এলে তা সহনশীলতার সঙ্গে মোকাবিলা করাই ভালোবাসার পরিচায়ক। একসঙ্গে এগিয়ে যাওয়ার এই মানসিকতাই 'নিনতাই' নামে পরিচিত।
তৃতীয় ধারণা 'ওমোইয়ারি' অর্থ সহমর্মিতা ও বিবেচনাবোধ। জাপানি সংস্কৃতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মানে হলো, অন্যজন কিছু বলার আগেই তার অনুভূতি ও প্রয়োজন বোঝার চেষ্টা করা এবং সেই অনুযায়ী যত্ন নেওয়া।
চতুর্থটি 'ওয়া' বা সম্প্রীতি ও ভারসাম্য। সম্পর্কে অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়া হয়। নিজের অহংকার সরিয়ে প্রয়োজনে হার মানলেও সম্পর্ককে জেতানোর চেষ্টা করা। জাপানি দম্পতিরা বিরোধের সময়ও শান্ত থাকার চর্চা করেন।
পঞ্চম ধারণা 'মিমামরু'—নীরবে পাশে থাকা। এর অর্থ হলো, অন্যকে নিয়ন্ত্রণ না করে তার মতো করে মেনে নেওয়া এবং নিজের মতো বেড়ে ওঠার সুযোগ দেওয়া। ভালোবাসার একটি অংশ হলো নীরব সমর্থন ও উপস্থিতি।
ষষ্ঠটি 'আমায়ে' বা নিরাপদ নির্ভরতা। প্রিয়জনের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারা এবং তার স্নেহে মানসিক ভার লাঘব হবে—এমন ভরসা রাখা। এটি আবেগগতভাবে হালকা হওয়ার একটি মাধ্যম।
সপ্তম ও শেষ ধারণা 'ইন' বা নিয়তি। এই দর্শন বলে, জীবনে কেউ কেন এসেছে, সেই অভিজ্ঞতারও অর্থ আছে। এটি সহজভাবে গ্রহণ করা জরুরি। 'ইন'-এর আরেক অর্থ হলো, কোনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখার চেষ্টা না করা। যদি স্বাভাবিকভাবে তা আর এগোয় না, তবে সেটিকে উদারতা ও সম্মানের সঙ্গে শেষ করাই শ্রেয়। এভাবে অন্যজনের প্রতি সম্মান রেখে জীবনে এগিয়ে যাওয়া জাপানি দৃষ্টিভঙ্গির মূল কথা।




