মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে উটাহ অঙ্গরাজ্যের দুটি বিশাল জাতীয় স্মৃতিসৌধের সীমানা নাটকীয়ভাবে সংকুচিত করে দিয়েছেন। বিয়ার আর্স ও গ্র্যান্ড স্টেয়ারকেস-এস্কালান্টে নামক এই স্মৃতিসৌধগুলো পূর্ববর্তী ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টদের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে জমি উন্নয়ন, খনি ও জ্বালানি উত্তোলনের পথ উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, পূর্ববর্তী প্রশাসন ‘জনগণের কাছ থেকে জমি কেড়ে নিয়েছিল’ এবং তিনি তা ‘ফিরিয়ে দিচ্ছেন’। প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন একর (১৩ মিলিয়ন হেক্টর) এলাকা জুড়ে বিস্তৃত এই দুই স্মৃতিসৌধ বর্তমানে মিলিয়ে মাত্র ৩০৩,০০০ একরের (১২৩,০০০ হেক্টর) কম এলাকায় সীমাবদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, প্রথম মেয়াদে ট্রাম্প এগুলোর আকার কমিয়ে আনলেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তা পুনর্বহাল করেছিলেন।

নেটিভ আমেরিকান উপজাতিদের কাছে পবিত্র বলে বিবেচিত বিয়ার আর্স স্মৃতিসৌধটি আদিবাসী জাতিগোষ্ঠীর অনুরোধে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় স্মৃতিসৌধ। নাভাহো, হোপি, জুনি, উটে মাউন্টেন উটে এবং ইউন্টা-ওরে উটে—এই পাঁচটি উপজাতির ঐতিহ্য, অনুষ্ঠান ও পূর্বপুরুষের স্মৃতি বহন করে এই ভূমি। নাভাহো নেশনের সদস্য ও বিয়ার আর্স আন্তঃউপজাতি জোটের সহ-সভাপতি ডেভিনা স্মিথ-ইজেসা ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘হৃদয়বিদারক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ফেডারেল কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত উপজাতিদের সঙ্গে আলোচনার আইনি দায়িত্ব এড়িয়ে গেছেন। তাঁর ভাষ্য, ‘বিয়ার আর্স কেবল ফেডারেল জমি নয়; এটি একটি জীবন্ত সাংস্কৃতিক স্থান, যেখানে আমাদের ইতিহাস, অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার—সবকিছু জড়িত।’

অন্যদিকে, উটাহ অঙ্গরাজ্যের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে স্মৃতিসৌধগুলোর সীমানা সংকোচনের পক্ষে ছিলেন। রাজ্যের গভর্নর স্পেন্সার কক্স হোয়াইট হাউজে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দিনটিকে ‘উটাহর জন্য বড় দিন’ বলে বর্ণনা করেন। তাঁর মতে, ‘মনুমেন্টের সীমানা যতটা সম্ভব ছোট হওয়া উচিত, শুধু পুরাকীর্তি রক্ষার জন্য প্রয়োজনীয় এলাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে।’

ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর মার্টিন হেনরিক। তিনি বলেন, ‘প্রশাসনের পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে যুদ্ধের এটি আরেকটি অধ্যায়। তারা অ্যান্টিকুইটিস আইনকে সম্পূর্ণ উল্টে দিচ্ছে।’ পরিবেশবাদী সংগঠন সাউদার্ন উটাহ ওয়াইল্ডারনেস অ্যালায়েন্সের আইনি পরিচালক স্টিভ ব্লচ ট্রাম্পের দাবি—যে স্মৃতিসৌধগুলোর এলাকায় ‘শিকার, মাছ ধরা বা হাঁটাও সম্ভব নয়’—মিথ্যা বলে মন্তব্য করেন। তিনি জানান, রাজ্য ও ফেডারেল নিয়ম অনুযায়ী বিনোদনমূলক সব কার্যক্রম সেখানে অনুমোদিত।

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটন ১৯৯৬ সালে গ্র্যান্ড স্টেয়ারকেস-এস্কালান্টে এবং বারাক ওবামা ২০১৬ সালে বিয়ার আর্স প্রতিষ্ঠা করেছিলেন। ১৯০৬ সালের অ্যান্টিকুইটিস আইন প্রেসিডেন্টকে ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক বা সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণের ক্ষমতা দেয়। ট্রাম্প বর্তমান মেয়াদে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের বিস্তৃত সামুদ্রিক মনুমেন্টগুলোতেও বাণিজ্যিক মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। অভ্যন্তরীণ দপ্তরের সেক্রেটারি ডাগ বার্গাম গত বছর জানিয়েছিলেন, জ্বালানি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মনুমেন্টের সীমানা পুনর্বিবেচনা করা হবে।

উল্লেখ্য, কিছু রিপাবলিকান ফেডারেল জমি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করলেও তা সফল হয়নি। হাউসের কিছু আইনপ্রণেতার জমি বিক্রির উদ্যোগ দ্বিদলীয় বিরোধিতার মুখে পড়ে, এবং সিনেটর মাইক লির প্রস্তাবিত ৩,২০০ বর্গমাইলের বেশি ফেডারেল জমি বিক্রির পরিকল্পনা রিপাবলিকানদের বড় কর ও ব্যয় বিল থেকে বাদ দেওয়া হয়। গত বছর সুপ্রিম কোর্ট উটাহর ফেডারেল জমি নিয়ন্ত্রণের মামলা খারিজ করে দেয়।