দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা রাজেশ শর্মা। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে কাজের সময় একটি বিষাক্ত পোকা তাঁকে কামড় দেয় বলে জানা গেছে। ঘটনার প্রাথমিক পর্যায়ে বিষয়টি তেমন গুরুত্ব না দিয়েই তিনি কলকাতায় ফিরে আরেকটি প্রকল্পের শুটিংয়ে অংশ নেন। কিন্তু পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিল্পমহলে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) এক বিবৃতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির কাছে উচ্চপর্যায়ের, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলালের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়, রাজেশ শর্মার অবস্থা গুরুতর হওয়ার পরও কেন তাকে সঙ্গে সঙ্গে হায়দরাবাদের কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি? শুটিং সেটে জরুরি চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি প্রস্তুত ছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এআইসিডব্লিউএ আরও দাবি করেছে, তদন্তে যদি কোনো ধরনের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হয়, তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি রাজেশ শর্মার সম্পূর্ণ চিকিৎসার খরচ প্রযোজক ও প্রযোজনা সংস্থাকে বহনের দায়িত্ব দেওয়ারও কথা বলা হয়েছে বিবৃতিতে।
উল্লেখ্য, রাজেশ শর্মা বাংলা ও হিন্দি—দুই ভাষারই একজন পরিচিত মুখ। ‘খোসলা কা ঘোসলা’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-এর মতো বহুল আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকরা আশাবাদী বলে জানা গেছে। শুটিং সেটে কর্মীদের নিরাপত্তা নিয়ে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে বলেও মন্তব্য করছেন অনেকে।




