রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের তিনটি সংগঠন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে তারা রাকসুর সকল কর্মচরণ বর্জনের ঘোষণা দিয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (রাবিসাস), প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি (রুরু) যৌথভাবে দেওয়া এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবাদলিপিতে স্পষ্ট করে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে ভিপি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে সারাদেশের সাংবাদিকদের সম্পৃক্ত করে আরও কঠোর কর্মচরণ ঘোষণা করা হবে। সাংবাদিক নেতারা ভিপি মোহস্তাকুর রহমানের বক্তব্যকে পেশাগত নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার জন্য চরম অপমানজনক হিসেবে আখ্যায়িত করেন। তাদের দাবি, কোনো সংবাদ নিয়ে অগ্রাহ্য থাকলে প্রতিবাদের পথ খোলা ছিল, কিন্তু নিবাচিত প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের ‘ট্যাগিং’ এবং ‘জড়ো করে ব্যবস্থা’ নেওয়ার হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সরাসরি প্রতিবন্ধকতা তৈরি করে।
প্রতিবাদলিপিতে বলা হয়, প্রক্টর দপ্তরে সৃষ্ট এক অপ্রত্যাশিত ঘটনার জেরে রাকসু ভবনে হামলা হয়। পরবর্তী সময়ে রাকসু ও ছাত্রশিবিরের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গ্রন্থাগারে ঢুকে যে হামলা ও মারধরের ঘটনা ঘটে, তা শিক্ষাপরিবেশকে অত্যন্ত নিন্দনীয়ভাবে বিঘ্নিত করেছে। এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করার প্রেক্ষিতে ভিপি কোনো প্রমাণ ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষপাত করার অভিযোগ আনেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন ‘ট্যাগ’ দেন এবং তাদের ‘জড়ো করে ব্যবস্থা’ নেওয়ার হুমকি দেন।
রাবির সাংবাদিক নেতারা জোর দিয়ে বলেছেন, ছাত্র সংসদ বা তার কোনো প্রতিনিধি কখনোই রাষ্টের আইন প্রয়োগকারী সংস্থার বিকল্প হতে পারে না। ভিপির এই হুমকি ও ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তারা এইসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
একই ঘটনায় বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (আরটিজেএ) ও। তারা ভিপির মন্তব্যকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে বর্ণনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংঘটিত হামলার ঘটনা ও শিক্ষার্থীদের মারধরের খবর প্রকাশের পর রাকসু ভিপি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্য করে কঠোর ভাষায় বলেন, ‘আপনারা ছাত্রলীগকে রক্ষা করে নিউজ করেছেন... এত মায়াকান্না করা যাবে না... আমরা সেসব জড়ো করে ব্যবস্থা নেব।’ তার এই মন্তব্য ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।




