রাজধানীর উত্তরায় ডিএল পেট্রলপাম্পের প্রায় সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটকদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি, অন্যান্য সরঞ্জাম এবং ছিনতাই করা টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী শুক্রবার রাতে জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এই ঘটনায় গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে ছিনতাইয়ের ঘটনার বিভিন্ন দিক তুলে ধরা হবে।
পুলিশ জানায়, গত রোববার সকালে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় উত্তরার বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এক কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। উত্তরায় অবস্থিত এই পেট্রলপাম্পটির মালিক প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হক। তাঁর মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।
এ ঘটনায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম অজ্ঞাতপরিচয় ছয় থেকে সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ছিনতাই হওয়া টাকাটি ডিএল পেট্রলপাম্পের। রোববার সকালে পাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানের চালক খোরশেদ টাকাভর্তি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাতজন তাদের কাভার্ড ভ্যানের গতি আটকে দেয়। এরপর পিস্তলের মুখে আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যায়।
পরে সেলিমুজ্জামান, খোরশেদসহ আশপাশের লোকজনের সহায়তায় আহত আল আমিনকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রতিদিন একই সময়ে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার খবরটি ছিনতাইকারীরা আগে থেকেই জানত।




