রাজশাহীতে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজশাহী সিটি করপোরেশন আয়োজিত এই সভায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার ও চিড়িয়াখানা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। তবে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে রাজনৈতিক প্রসঙ্গেও গুরুত্ব দেন।

তিনি বলেন, বিএনপি কখনো জনগণের বিপক্ষে অবস্থান নেয়নি, বরং দেশের প্রতিটি গণ-আন্দোলনে এই দল নেতৃত্ব দিয়েছে। অন্যদিকে, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী জনগণের বিরোধিতা করায় তাদের রাজাকার বলা হয়। আওয়ামী লীগ সম্পর্কে তিনি মন্তব্য করেন, তারা বাকশাল কায়েম করে গণতন্ত্র ধ্বংস করেছে এবং পরে ফ্যাসিবাদী শাসন চালিয়ে গণহত্যা চালিয়েছে।

প্রতিমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছে। মানুষের প্রত্যাশা এখন বিএনপির প্রতি বেশি, কারণ তারা মনে করে বিএনপির কাছ থেকে সেবা পাওয়া যাবে। রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত এবং প্রাণিসম্পদের সর্বোচ্চ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, পশুর কোনো অংশ অপচয় না করে উপজাত রপ্তানি ও বর্জ্য থেকে জৈব সার এবং বায়োগ্যাস উৎপাদন করা হবে। রাজশাহীর চিড়িয়াখানা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পুরোনো চিড়িয়াখানাটি ধ্বংসপ্রায়, সেটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী এই বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন।

রাজশাহী অঞ্চলের সম্ভাবনা নিয়ে সুলতান সালাউদ্দিন বলেন, কৃষি, আম, রেশম, মৎস্য উৎপাদন ও পরিচ্ছন্নতার দিক থেকে রাজশাহী দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল। আম সংরক্ষণ ও রপ্তানি বাড়ালে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। সব দিক বিবেচনায় রাজশাহীকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান ও মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।

উল্লেখ্য, এর আগে সকালে প্রতিমন্ত্রী রাজশাহী চিড়িয়াখানা ও ফুলতলা এলাকায় প্রস্তাবিত আধুনিক কসাইখানা পরিদর্শন করেন। পরে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগির খামার পরিদর্শন করেন। বিকেলে তিনি রাজশাহী শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেন।