অস্ট্রেলিয়ার অলিম্পিক সাইক্লিস্ট রোহান ডেনিস তার স্ত্রীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় আরোপিত পাঁচ বছরের ড্রাইভিং নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোর দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার অ্যাডিলেড ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে তিনি এই অভিযোগ স্বীকার করেন। গত মাসে পুলিশ তাকে থামায়, তখন তার গাড়িতে দুটি শিশু যাত্রী ছিল। বর্তমানে ডেনিসের বয়স ৩৬ বছর।
গত বছর, ডেনিস একটি প্লি ডিলের আওতায় একাধিক গুরুতর অভিযোগ থেকে রেহাই পান। তিনি 'ক্ষতির সম্ভাবনা সৃষ্টি'র একটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে স্থগিত কারাদণ্ড লাভ করেন। আদালত নির্ধারণ করে দেয় যে মেলিসা হসকিনসের মৃত্যুর জন্য তিনি ফৌজদারিভাবে দায়ী নন, তবে তার কর্মকাণ্ড ছিল বেপরোয়া।
আদালতে জানানো হয়, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ দম্পতির মধ্যে রান্নাঘর সংস্কার নিয়ে বাকবিতণ্ডা চলছিল। এরপর ডেনিস তার গাড়িতে উঠে চলে যেতে চান। হসকিনস, যিনি নিজেও অলিম্পিক সাইক্লিস্ট ছিলেন, গাড়ির বনেটের ওপর লাফ দেন এবং পরে দরজা ধরে ঝুলতে থাকেন। ডেনিস গাড়ি চালিয়ে যেতে থাকলে তিনি ছিটকে পড়েন এবং গাড়ির নিচে চাপা পড়েন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত মে মাসে ডেনিসকে ১৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা দুই বছরের ভালো আচরণের বন্ডের মাধ্যমে স্থগিত রাখা হয়। সেইসঙ্গে ২০২৩ সালের ডিসেম্বরের ঘটনার দিন থেকে কার্যকর করে পাঁচ বছরের ড্রাইভিং নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
শুক্রবারের শুনানিতে প্রসিকিউশন মামলাটি ডিস্ট্রিক্ট কোর্টে পাঠানোর আবেদন জানায়। সেখানে নিষেধাজ্ঞা ভাঙার অপরাধ এবং ভালো আচরণের বন্ড লঙ্ঘনের বিষয়টি নিষ্পত্তি হবে। দুই সন্তানের পিতা ডেনিসকে আগামী সেপ্টেম্বরে পুনরায় আদালতে হাজির হতে হবে।



