জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা এবং সৃজনশীল কনটেন্ট তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে এ বছরও এই পুরস্কার আয়োজন করছে। এর আগে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় গণমাধ্যম পুরস্কার সফলভাবে সম্পন্ন হয়েছিল, এবার সেই অভিজ্ঞতাকে ভিত্তি করে আরও বড় পরিসরে এই আয়োজন করা হচ্ছে।
আবেদনকারীরা সংবাদপত্রের প্রতিবেদন, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, বিনোদন প্রতিবেদন এবং বিনোদন কনটেন্ট (নাটক)সহ বিভিন্ন বিভাগে আবেদন করতে পারবেন। পুরস্কারের আওতায় মোট আটটি ক্যাটাগরি থাকবে; যার মধ্যে সংবাদপত্র প্রতিবেদন ও বিনোদন প্রতিবেদন বিভাগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলাদাভাবে স্বীকৃতি দেওয়া হবে। এছাড়াও সহ (টিভিসি, ওভিসি, সোশ্যাল মিডিয়া) এবং অন্যান্য সৃজনশীল মাধ্যমে জেন্ডার সমতা প্রচারে ভূমিকা রাখা কাজগুলোও বিবেচনায় নেওয়া হবে।
এই আয়োজনের মাধ্যমে গণমাধ্যমে যুব, নারী, পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসীসহ বিভিন্ন জনগোষ্ঠীর জীবন, অধিকার এবং অভিজ্ঞতাকে মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলকভাবে উপস্থাপনের চর্চাকে উৎসাহিত করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও জেন্ডার সমতা, মানবিক মর্যাদা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদান রাখা সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও কনটেন্ট নির্মাতাদের কাজকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হবে। সংবাদ মাধ্যমের মাধ্যমে সমাজে বৈষম্যহীন দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলা যায়—এই লক্ষ্যকে সামনে রেখেই এই আয়োজন বলে উল্লেখ করেছেন আয়োজকরা।
১ জুলাই ২০২৫ থেকে ৩১ জুলাই, ২০২৬-এর মধ্যে প্রকাশিত বা প্রচারিত কাজগুলোই কেবল আবেদনের জন্য বিবেচিত হবে। আগ্রহী সাংবাদিক, গণমাধ্যমকর্মী, নির্মাতা ও সৃজনশীল পেশাজীবীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য ও কনটেন্ট জমা দিতে হবে। আবেদনের বিস্তারিত নিয়ম, যোগ্যতা এবং প্রয়োজনীয় নির্দেশনা অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর, ২০২৬। যোগাযোগের জন্য মিডিয়া স্পেশালিস্ট সাইয়্যেদ মো. তাফহীমকে ই-মেইল (syed.tafhim@plan-international.org) বা মোবাইল নম্বরে (০১৮৫০-০১৮২৩৫) যোগাযোগ করা যাবে।




