চীনের জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। বুধবার তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সুখবর জানানো হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন তিনি। নতুন সদস্যকে স্বাগত জানিয়ে অনেকে তাং ওয়েই ও তাঁর পরিবারের মঙ্গল কামনা করেছেন।

তাং ওয়েইয়ের প্রতিনিধি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ং ও তাং ওয়েই দম্পতির এটি দ্বিতীয় সন্তান। বুধবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি পোস্ট করেন তাং ওয়েই। সেখানে পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে ছিল নবজাতককে উৎসর্গ করে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবি। প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে তাং ওয়েই লিখেছেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের পথচলা শুরু হলো।’

এর আগে কয়েক মাস ধরেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন তিনি। তখন তাং লিখেছিলেন, ‘আমরা খুবই আনন্দিত। আমাদের পরিবারে নতুন একজন সদস্য আসছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।’ গত মাসে হংকংয়ে এই দম্পতিকে একসঙ্গে দেখা যাওয়ার পর অনলাইনে আবারও সন্তান জন্মের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

১৯৭৯ সালে চীনে জন্ম নেওয়া তাং ওয়েইয়ের অভিনয়জীবন শুরু ২০০৪ সালে। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান ২০১০ সালের চলচ্চিত্র ‘লেট অটাম’-এর মাধ্যমে। এই ছবির শুটিংয়ের সময় দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় প্রেমে গড়ায় এবং ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। ২০১৬ সালে জন্ম নেয় তাঁদের প্রথম কন্যাসন্তান সামার। প্রায় এক দশক পর এবার পরিবারে এল দ্বিতীয় সন্তান।

পরিচালক কিম তে-ইয়ং ‘লেট অটাম’সহ একাধিক প্রশংসিত চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত। অন্যদিকে, অভিনয়জীবনে তাং ওয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন চীনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম আলোচিত অভিনেত্রী হিসেবে। ৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা হওয়ার খবরটি প্রকাশের পর থেকে চীন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন আনন্দের সংবাদ।