সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী আর নেই। সোমবার ভোররাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, ক্যানসারে আক্রান্ত নজরুল ইসলাম চৌধুরী গত তিন মাস ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এদিকে তাঁর ভাতিজা বায়েজিদ আল নাহিয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, নজরুল ইসলাম চৌধুরীর মরদেহ চট্টগ্রাম নগরের বেভারলি হিল আবাসিক এলাকার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে রাত ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। সবশেষে চন্দনাইশে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) হয়ে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।