কক্সবাজারের চকরিয়া উপজেলায় দ্রুতগামী একটি ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নামের এক তরুণ ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে বদরখালী-চিরিংগা সড়কের সাহারবিলের মাইজঘোনা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিজান উদ্দিন চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে এবং তিনি চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজান উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।




