ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র অবশেষে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গেই নতুন চুক্তি সই করেছেন। এর ফলে ক্লাবটিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার অবসান ঘটল। সম্প্রতি ইংলিশ ক্লাব আর্সেনালে তাঁর সম্ভাব্য যোগদানের গুঞ্জন উঠেছিল, তবে সব ধরনের অনুমানকে পেছনে ফেলে তিনি রিয়ালের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, এই ব্রাজিলিয়ান ফুটবলার ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ‘লস ব্লাঙ্কোস’দের প্রতিনিধিত্ব করবেন। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ও ভিনিসিয়ুস জুনিয়র চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত আমাদের ক্লাবের সঙ্গেই যুক্ত থাকছেন এই খেলোয়াড়।’ এই ঘোষণার মধ্য দিয়ে রিয়াল সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, কারণ ভিনিসিয়ুস দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচিত। তার অসাধারণ ড্রিবলিং, গতি ও গোল করার ক্ষমতা তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা উইঙ্গারে পরিণত করেছে। এই চুক্তি নবায়নের ফলে রিয়াল মাদ্রিদ তাদের আক্রমণভাগের শক্তি আরও মজবুত করল, যা আগামী বছরগুলোতে ক্লাবের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ভিনিসিয়ুস নিজেও এই সিদ্ধান্তে খুশি, কারণ তিনি বার্নাবেউতেই নিজের ক্যারিয়ারের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ দেখতে চেয়েছিলেন। নতুন চুক্তির আর্থিক শর্তাবলি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি রিয়ালের বর্তমান বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।