ডিজিটাল যুগে ভুয়া সংবাদ, অপসংস্কৃতি এবং প্রযুক্তি নির্ভর বিশৃঙ্খলা প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতা ও দেশীয় সংস্কৃতি চর্চার বিকাশে তরুণ সাংবাদিকদের ভূমিকা জোরালো করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। রোববার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। ‘তরুণ সাংবাদিকদের নিয়মিত সুস্থ সংস্কৃতি ও বিনোদনচর্চার পরিবেশ গঠন’ শীর্ষক এই সেমিনারে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক পরিপূর্ণ বিকাশে সুস্থ সংস্কৃতির প্রয়োজনীয়তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম বলেন, শিশু ও তরুণদের শারীরিক-মানসিক সুষ্ঠু বিকাশে সুস্থ বিনোদনের কোনো প্রতিস্থাপন নেই। তিনি উল্লেখ করেন, দীর্ঘ মেয়াদে দেশের সাংস্কৃতিক তৎপরতা বন্ধ থাকায় শিশু-কিশোরদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। জাহিদুল ইসলাম আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রকৃত সত্য, সংগ্রাম এবং ত্যাগের কাহিনী নাটক ও চলচ্চিত্রের মতো বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা জরুরি। একই সাথে পালকি ও বায়োস্কোপের মতো লোকজ ঐতিহ্য ধরে রাখতে তরুণ সাংবাদিকদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি মন্তব্য করেন যে একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস ও নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটে তার সংস্কৃতির মধ্যে। ইউনেসকো কর্তৃক বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি দেশের জন্য অত্যন্ত সম্মানের বিষয় বলেও তিনি অভিমত প্রকাশ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। সেমিনার থেকে তরুণ সাংবাদিকদের জন্য আটটি নৈতিক ও পেশাগত পরামর্শ দেওয়া হয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে: শতভাগ তথ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সংবাদ প্রকাশ না করা; ক্লিকবেট বা বিভ্রান্তিকর শিরোনাম পরিহার করা; মেধাস্বত্ব ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইনের প্রতি সম্মান দেখানো; দেশীয় শিল্পকলা, সাহিত্য ও লোক-ঐতিহ্যের সংবাদকে গুরুত্ব দেওয়া; এবং কারও ব্যক্তিগত গোপনীয়তা বা মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন সেলিব্রিটি সংবাদ পরিবেশন থেকে নিবৃত থাকা।

অধিকন্তু, ভুয়া সংবাদের বিরুদ্ধে নিয়মিত তথ্য যাচাই জোরদার করা, শিক্ষামূলক ও মানবিক মূল্যবোধের কনটেন্ট প্রস্তুতিতে উৎসাহ দেওয়া এবং সাইবার আইন, ডিজিটাল নৈতিকতা ও আধুনিক প্রযুক্তি বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার তাগিদ দেওয়া হয়। এতে কর্মশালায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।