বলিউড অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে সাম্প্রতিক বিবাহের খবরে আবারও সবার নজরে এসেছেন গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। তবে শুধু অভিনেতার স্ত্রী পরিচয়েই তাঁর পরিচিতি সীমাবদ্ধ নয়; দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠা গ্যাব্রিয়েলা নিজে একজন মডেল, ফ্যাশন ডিজাইনার, অভিনেত্রী এবং সফল উদ্যোক্তা হিসেবে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
মাত্র ১৬ বছর বয়সে মডেলিং জগতে পা রাখেন গ্যাব্রিয়েলা। এরপর গৌতেংয়ের সানিসাইডে তিনি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন। মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন শো, ম্যাগাজিনের ফটোশুট এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। ভারতীয় অঙ্গনে আসার পর তার পেশাগত পরিধি আরও বিস্তৃত হয়। অভিনয়ের পাশাপাশি তাকে মিউজিক ভিডিওতেও দেখা গেছে। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইশক ঝামেলা’, ‘সোনালি কেবল’ এবং তেলেগু-তামিল সিনেমা ‘ওপ্পিরি’। তবে অভিনয়ের চেয়ে ফ্যাশনের প্রতিই তার ঝোঁক বেশি বলে জানা যায়।
২০১২ সালে নিজের উদ্যোগে নারীদের জন্য রেডি-টু-ওয়্যার পোশাকের ব্র্যান্ড ‘ডেমি’ প্রতিষ্ঠা করেন গ্যাব্রিয়েলা। এর মাধ্যমে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা হিসেবে নিজের জায়গা করে নেন তিনি। পরবর্তীকালে তিনি আরেকটি ব্র্যান্ড চালু করেন, যেখানে পুরোনো পোশাক বিক্রির মাধ্যমে ‘সার্কুলার ফ্যাশন’কে উৎসাহিত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাব্রিয়েলার উপস্থিতি বেশ জোরালো; তার ইনস্টাগ্রামে প্রায় সাত লাখ ফলোয়ার রয়েছে। সেখানে তিনি নিজের ফ্যাশন পছন্দ, ভ্রমণ, সন্তান এবং পারিবারিক জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলার সম্পর্কের সূচনা ২০১৮ সালে। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর তাদের সম্পর্ক আরও গভীর হয়। সম্প্রতি গোয়ার বারদেজ সাবরেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিবাহ নিবন্ধন করেছেন তারা। এর আগে রিয়া চক্রবর্তীর পডকাস্টে নিজেদের বাগদানের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন অর্জুন। পডকাস্টের ট্রেলারে রিয়া তাদের অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছিলেন, ‘শহরের সবচেয়ে কুল দম্পতিকে অভিনন্দন।’
ওই কথোপকথনে ভালোবাসা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও ব্যক্ত করেন গ্যাব্রিয়েলা। তার মতে, সম্পর্কে ভালোবাসার সঙ্গে অনেক সময় শর্ত জড়িয়ে থাকে, তবে সন্তান জন্ম নেওয়ার পর সেই সমীকরণ বদলে যায়। অর্জুন তাঁদের সম্পর্কের শুরুর কথা মনে করে কৌতুক করে জানান, প্রথমে গ্যাব্রিয়েলার প্রতি আকর্ষণের মূল কারণ ছিল তার সৌন্দর্য। কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করেন, এই সম্পর্ক কেবল বাহ্যিক আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর ভিতরে রয়েছে আরও গভীর বন্ধন।
অর্জুন ও গ্যাব্রিয়েলার দুই ছেলে—আরিক ও আরাভ। ২০১৯ সালে প্রথম সন্তান আরিকের জন্ম হয় এবং ২০২৩ সালে দ্বিতীয় সন্তান আরাভের। মডেলিং, ফ্যাশন ব্যবসা এবং উদ্যোক্তা হিসেবে কাজের পাশাপাশি সন্তানদের লালন-পালনও তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন সময় মাতৃত্ব ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রাখার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন তিনি।
এদিকে, গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অর্জুনের প্রথম সংসার ছিল সাবেক সুপারমডেল ও উদ্যোক্তা মেহর জেসিয়ার সঙ্গে। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে—মাহিকা ও মাইরা। ২০১৮ সালে বিচ্ছেদের ঘোষণা দেন অর্জুন ও মেহর, জানান পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। অর্জুন একাধিকবার জানিয়েছেন, বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে তার সম্পর্ক অটুট এবং তারা মিলেই সন্তানদের দেখভাল করেন।




