ফল ও সবজি কেনার সময় সাধারণত তাজা পণ্যের দিকেই ঝোঁকে মন। ধারণা করা হয়, তাজা মানেই বেশি পুষ্টিকর। তবে পুষ্টিবিজ্ঞান বলছে, ব্যাপারটি পুরোপুরি সঠিক নয়। অনেক ক্ষেত্রে হিমায়িত ফল ও সবজি তাজা পণ্যের সমান পুষ্টিগুণ ধরে রাখতে পারে, এমনকি কিছু পরিস্থিতিতে বেশি পুষ্টিকরও হতে পারে।
তাজা ফল ও সবজির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়। খেত বা বাগান থেকে তোলার পর পণ্যটি সরাসরি প্লেটে আসে না। সংগ্রহ, বাছাই, প্যাকেটজাতকরণ, পরিবহন ও সংরক্ষণ—এসব ধাপ পেরিয়ে দোকানে পৌঁছাতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ লেগে যায়। এরপর কিনে আনার পরেও তা রান্নাঘর বা ফ্রিজে পড়ে থাকতে পারে। এই দীর্ঘ প্রক্রিয়ায় বিশেষ করে ভিটামিন সি ও ভিটামিন বি-এর মতো পুষ্টি উপাদান তাপমাত্রা, আলো ও অক্সিজেনের সংস্পর্শে নষ্ট হতে শুরু করে। তাই বাজারের তাজা পণ্য সবসময় পুষ্টির শীর্ষ অবস্থানে থাকে, এমন ধারণা ঠিক নয়।
অন্যদিকে, হিমায়িত ফল ও সবজির রয়েছে কিছু উল্লেখযোগ্য সুবিধা। সঠিক নিয়মে হিমায়িত করলে পণ্যটি দীর্ঘদিন ভালো থাকে, নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকে এবং দ্রুত ব্যবহার করা যায়। ব্যস্ত জীবনযাত্রায় এটি পুষ্টিকর খাবার হাতের কাছে পাওয়ার সহজ উপায়। পাশাপাশি খাদ্যের অপচয় কমাতেও ভূমিকা রাখে হিমায়িত পণ্য, কারণ তাজা পণ্যের মতো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।
তবে সব হিমায়িত খাবার স্বাস্থ্যকর নয়। অতিরিক্ত চিনি, লবণ, সস বা প্রক্রিয়াজাত উপাদান মেশানো হিমায়িত পণ্য স্বাস্থ্যকর বিকল্প হতে পারে না। যেমন, সাধারণ হিমায়িত স্ট্রবেরি ভালো, কিন্তু চিনিযুক্ত মিষ্টি ডেজার্টের পুষ্টিগুণ সম্পূর্ণ ভিন্ন। তাই কেনার আগে পণ্যের লেবেল পড়া জরুরি।
পুষ্টিগুণ ধরে রাখার ক্ষেত্রে রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। ফল বা সবজি তাজা হোক বা হিমায়িত, অতিরিক্ত সময় ধরে রান্না করলে পুষ্টি উপাদান কমে যেতে পারে। দীর্ঘ সময় সেদ্ধ করলে পানিতে দ্রবণীয় ভিটামিন নষ্ট হয়। অন্যদিকে ভাপে সেদ্ধ করা, বেক করা বা অল্প সময় রান্না করলে তুলনামূলক বেশি পুষ্টি সংরক্ষিত থাকে।
মৌসুমি তাজা ফল ও সবজির স্বাদ ও মান অনন্য। স্থানীয়ভাবে চাষ করা পণ্য দ্রুত খেলে তা যেমন সুস্বাদু হয়, পুষ্টিগুণও অটুট থাকে। তাই সুযোগ থাকলে ও দ্রুত খাওয়া সম্ভব হলে তাজা পণ্যই বেছে নেওয়া ভালো। কিন্তু যদি ফল বা সবজি দূর থেকে আনা হয়, দীর্ঘদিন সংরক্ষিত থাকে বা ফ্রিজে পড়ে থাকে, তাহলে হিমায়িত পণ্য বেশি পুষ্টিকর হতে পারে।
শেষ পর্যন্ত, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মূল কথা হলো নিয়মিত ফল ও সবজি খাওয়া। সেটা ফ্রিজার থেকে আসুক বা বাজার থেকে—সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেসব দৈনন্দিন খাদ্যতালিকায় রাখা। তাজা ও হিমায়িতের মধ্যে একটিকে বেছে না নিয়ে দুটোর সমন্বয়ই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হতে পারে।




