দেশের ডিজিটাল লেনদেনব্যবস্থাকে আরও সহজলভ্য ও সর্বজনীন করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় এখন থেকে শুধু কেনাকাটা বা সেবার বিল পরিশোধের মধ্যে সীমাবদ্ধ না থেকে ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে সরাসরি একজন ব্যক্তি আরেকজনের ব্যাংক হিসাব কিংবা মোবাইল ওয়ালেটে অর্থ প্রেরণ করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনাপত্র দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কাছে পাঠিয়েছে, যাতে তারা আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিজ নিজ মোবাইল অ্যাপে কিউআর তৈরির, স্ক্যান করার এবং গ্যালারি থেকে ছবি আপলোডের ফিচার যুক্ত করে প্রস্তুতি সম্পন্ন করে। এরপর আগামী ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই সর্বজনীন লেনদেনব্যবস্থা কার্যকর হবে।
নতুন ব্যবস্থায় গ্রাহকরা নিজ নিজ ব্যাংক বা এমএফএস অ্যাপে একটি ‘পার্সোনাল বাংলা কিউআর’ পাবেন। অর্থ প্রেরণের সময় দীর্ঘ ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর বা ১১ ডিজিটের মোবাইল নম্বর লেখার প্রয়োজন পড়বে না। প্রাপক তার মোবাইলের স্ক্রিনে কিউআর কোড প্রদর্শন করবেন এবং প্রেরক নিজের অ্যাপ দিয়ে সেই কোড স্ক্যান করে অর্থ পাঠাতে পারবেন। এমনকি দূরবর্তী স্থানে থাকলে প্রাপক তার কিউআরের ছবি পাঠিয়ে দিলে প্রেরক সেই ছবি সিলেক্ট করে সরাসরি লেনদেন সম্পন্ন করতে পারবেন।
এই প্রক্রিয়ায় কিউআর স্ক্যান বা আপলোড করার সঙ্গে সঙ্গেই স্ক্রিনে প্রাপকের নাম ও সংক্ষিপ্ত অ্যাকাউন্ট নম্বর প্রদর্শিত হবে, ফলে ভুল নম্বরে টাকা চলে যাওয়ার আশঙ্কা থাকবে না। জালিয়াতি ও প্রতারণা রোধে কিউআর কোডে ‘পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার’ প্রযুক্তি এবং ডিজিটাল সিগনেচার সংযুক্ত করা হয়েছে। সেন্ট্রাল ট্রাস্ট স্টোরে পাবলিক কি সংরক্ষিত থাকবে এবং প্রতিটি লেনদেনের সময় পেমেন্ট সুইচের মাধ্যমে রিয়েল-টাইমে তা যাচাই করা হবে। ফলে কিউআর কোড পরিবর্তন বা তথ্য জাল করে অর্থ হাতিয়ে নেওয়ার পথ বন্ধ হয়ে যাবে।
এ উদ্যোগের ফলে ব্যাংক অ্যাকাউন্ট বা এমএফএস ওয়ালেটধারী সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এবং অনানুষ্ঠানিক খাতের ব্যবসায়ীরা প্রাতিষ্ঠানিক মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়াই সহজে ডিজিটাল পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে পারবেন। ভবিষ্যতে এ ব্যবস্থা দেশে নগদ টাকার প্রচলন কমিয়ে ক্যাশলেস সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।




