গত শুক্রবার অস্ট্রেলিয়ার একটি বিমান সংস্থা স্কাইট্রেডার্স অ্যান্টার্কটিকা থেকে এক মার্কিন নাগরিকের চিকিৎসা উদ্ধারে এক অসাধারণ ও চ্যালেঞ্জিং মিশন সম্পন্ন করেছে। প্রচণ্ড শীত ও সম্পূর্ণ অন্ধকারের মধ্যেই এই উদ্ধার অভিযান চালানো হয়। সংস্থাটির দাবি, এটি শীতকালীন অয়নকালের (২১ জুন) সবচেয়ে কাছাকাছি সময়ে পরিচালিত একটি বেসামরিক বিমানের উদ্ধার অভিযান।

ঘটনাটি ঘটে যখন যুক্তরাষ্ট্রের ম্যাকমুর্ডো গবেষণা স্টেশন থেকে একজন সদস্যের জরুরি চিকিৎসার প্রয়োজন পড়ে। প্রাথমিকভাবে প্রতিকূল আবহাওয়ার কারণে উড্ডয়ন বিলম্বিত হলেও পরে স্কাইট্রেডার্স তাদের এয়ারবাস এ৩১৯ বিমান 'স্নোবার্ড ১'-কে চরম প্রতিকূল পরিস্থিতিতে অবতরণ করাতে সক্ষম হয়। তখন সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

স্কাইট্রেডার্সের উপ-প্রধান নির্বাহী ডানকান ম্যাককে জানান, চিকিৎসা সরঞ্জাম সংযোজনের জন্য বিমানটিকে ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ নতুন করে সাজানো হয়। তবে সঠিক আবহাওয়ার অপেক্ষায় উড্ডয়ন আরও ১২ ঘণ্টা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত শুক্রবার ভোররাতে তাসমানিয়ার হোবার্ট শহর থেকে উড়ে গিয়ে তারা রস দ্বীপের মার্কিন গবেষণা স্টেশনে পৌঁছায়। সেখান থেকে রোগীকে নিরাপদে বিমানে তোলা হয় এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন। রোগী ও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ম্যাককে জানান, তাদের সংস্থা আগেও শীতকালীন চিকিৎসা উদ্ধার অভিযান চালিয়েছে, কিন্তু কখনোই শীতকালীন অয়নকালের এত কাছাকাছি সময়ে নয়। মাইনাস ৪৩ ডিগ্রি সেলসিয়াসে সম্পূর্ণ অন্ধকারে বরফের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমান নিরাপদে অবতরণ করানোর জন্য বিপুল অভিজ্ঞতা ও পরিস্থিতির সঙ্গে পরিচিতির প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন।

পাইলট ক্যাপ্টেন অ্যাল ওয়ালাচ বলেন, এই সফল অভিযানটি তাদের দলের বিশেষজ্ঞ দক্ষতার প্রতিফলন। ফ্লাইট ক্রু, আবহাওয়াবিদ, অপারেশন পরিকল্পনাকারী, রানওয়ে টিম এবং চিকিৎসা কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল এই সাফল্য। তিনি আরও বলেন, প্রতিটি অ্যান্টার্কটিক অভিযানে নিখুঁত নির্ভুলতা প্রয়োজন, কিন্তু শীতকালীন অভিযান জটিলতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। তারা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তা সবচেয়ে বিশেষায়িত বিমানের সক্ষমতার সীমা ছুঁয়েছিল।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের মার্চ মাসেও স্কাইট্রেডার্স একই ধরনের অভিযান চালিয়েছিল, যখন যুক্তরাষ্ট্র ম্যাকমুর্ডোতে অবস্থিত তাদের অ্যান্টার্কটিক প্রোগ্রামের একজন সদস্যকে সরিয়ে নিতে সাহায্য চেয়েছিল। তবে সেবার তাপমাত্রা ছিল কিছুটা বেশি, মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস।