প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতির কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এর নির্ধারিত দুইটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলা প্রথম পত্র (HSC 1851) ও বাংলা দ্বিতীয় পত্র (HSC 2851) পরীক্ষা। দুর্যোগের কারণে এই দুটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

শুধু এইচএসসি পরীক্ষাই নয়, বুধবার প্রকাশিত বাউবির বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠেয় আরও বেশ কয়েকটি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২ (দ্বিতীয় সেমিস্টার), বিএজিএড (B. Ag. Ed) প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই–ডিসেম্বর ২০২৫) দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা। এছাড়াও মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫-এর ২৫২ টার্মের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং বিবিএ প্রোগ্রামের ২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষাও স্থগিতের আওতায় এসেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে এইচএসসি পরীক্ষা ২০২৬-এর অন্যান্য বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।