জীবনের মানোন্নয়নের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার এক করুণ প্রচেষ্টায় প্রাণ হারিয়েছেন মরক্কোর এক উদীয়মান নারী ফুটবল তারকা। ফাতেন বেন আমার এল আজিজি নামের ২০ বছর বয়সী এই ফুটবলার স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় পৌঁছাতে সমুদ্রের ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছিলেন। কিন্তু প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি সাগরের বুকে তলিয়ে যান, আর শেষরক্ষা হয়নি।
মরক্কোর ক্রীড়া ওয়েবসাইট আল বতোলা'র বরাতে জানা গেছে, গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, মরক্কো থেকে প্রতিদিনই উন্নত জীবন ও ভবিষ্যতের টানে বহু মানুষ সমুদ্র বা স্থলপথে সেউতা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালাচ্ছেন। এসব অভিবাসন যাত্রা প্রায়শই দুঃখজনক প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়, আর ফাতেনের মৃত্যু সেই করুণ বাস্তবতারই এক প্রতিফলন।
স্থানীয় ক্লাব মাগরেব অ্যাথলেটিক তেতোয়ানের নারী দলের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলতেন ফাতেন। এর আগে তিনি মরক্কো অ্যাথলেটিক তানজিয়ার ক্লাবের প্রতিনিধিত্বও করেছিলেন। অল্প বয়সেই নিজ দেশের অন্যতম মেধাবী নারী ফুটবলার হিসেবে তিনি সবার নজর কেড়েছিলেন। ক্লাব মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান এক বিবৃতিতে দাবি করেছে, ফাতেন খ্যাতি বা রোমাঞ্চের পিছনে ছোটেননি; সম্পূর্ণরূপে সীমান্তের ওপারে এক উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার অভিপ্রায়ই ছিল তার একমাত্র লক্ষ্য।
তার আকস্মিক মৃতুতে মরক্কোর ক্রীড়াবিদরা তীব্র শোক প্রকাশ করেছেন। সতীর্থ ও সংশ্লিষ্টরা গভীরভাবে স্মরণ করছেন তার বিনয়ী ব্যবহার, পেশাদার দৃষ্টিভঙ্গি এবং খেলোয়াড়সুলভ মানসিকতা। মরক্কোর পেশাদার ফুটবলার ইউনিয়নের শোকবার্তায় বলা হয়, এই দুর্যোগময় সময়ে সংগঠনটি ফাতেনের পরিবার, স্বজন ও ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। ইউনিয়নটি তার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার মানসিক শক্তি প্রার্থনা করেছে।
হেসপ্রেস ইংলিশ এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, তেতোয়ান-ভিত্তিক একটি ক্লাবের খেলোয়াড় ফাতেন বেন ওমর এল আজিজিকে সেউতায় সমুদ্রপথে পৌঁছানোর চেষ্টার সময় ডুবে মৃত্যুবরণের পর সমাধিস্থ করা হয়েছে।
এই ঘটনা নিছক একটি সম্ভাবনাময় ফুটবল ক্যারিয়ারের আকস্মিক পরিসমাপ্তি নয়, বরং সুদূরপ্রসারী এক স্বপ্নের জন্য জীবন বাজি রেখে দেওয়া অসংখ্য তরুণ-তরুণীর নিষ্ঠুর বাস্তবতারও একটি প্রতিচ্ছবি। তার অকাল মৃত্ত্বে তেতোয়ান থেকে শুরু করে সমগ্র মরক্কোর ক্রীড়াঙ্গন গভীর শোকে আচ্ছন্ন।


