‘নিউজ বার্গেইনিং ইনসেনটিভ’ নামে একটি নতুন কর ব্যবস্থা কার্যকর করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অনুমোদিত এই আইনের মাধ্যমে স্থানীয় সংবাদ প্রকাশকদের সঙ্গে ব্যবসায়িক চুক্তি স্থাপন না করলে মেটা, অ্যালফাবেটের মালিকানাধীন গুগল, টিকটক এবং মাইক্রোসফটের লিংকডইনের মতো বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে তাদের স্থানীয় আয়ের ২ দশমিক ৫ শতাংশ কর হিসেবে পরিশোধ করতে হবে। এভাবে সংগৃহীত অর্থ স্থানীয় গণমাধ্যমগুলোর মধ্যে বিতরণ করা হবে, যাদের উৎপাদিত সংবাদ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে ধরে রাখতে এবং মুনাফা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে।

এই ব্যবস্থার আওতায় পড়বে সেসব প্রতিষ্ঠান, যারা অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম বা সার্চ সেবা পরিচালনা করে এবং স্থানীয়ভাবে ২৫ কোটি অস্ট্রেলীয় ডলার—প্রায় ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার—এর বেশি বার্ষিক আয় করে। তবে করের দায় থেকে মুক্তি পেতে প্ল্যাটফর্মগুলোকে অন্তত আটটি ভিন্ন সংবাদ প্রকাশকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে এবং তাদের নির্ধারিত আর্থিক বছরের হিসাব শেষ হওয়ার পূর্বে এ সমঝোতা সম্পন্ন করতে হবে। চুক্তির মাধ্যমে প্রদত্ত অর্থ সংশ্লিষ্ট কোম্পানির কর দায় থেকে সমন্বয় করা হবে।

আইনে বলা হয়েছে, এসব চুক্তির সঙ্গে সংবাদ তৈরির কার্যক্রমে সহায়তার সম্পর্ক থাকতে হবে অথবা প্রকাশকের তৈরি সংবাদ প্রযুক্তি প্ল্যাটফর্মে অনলাইনে প্রকাশের সঙ্গে সরাসরি সংযোগ থাকতে হবে। ছাড়ের ক্ষেত্রে বড় সংবাদ প্রকাশকের সঙ্গে করা চুক্তির জন্য ১৫০ শতাংশ এবং ছোট ও মাঝারি মাধ্যমের সঙ্গে করা সমঝোতার জন্য ২০০ শতাংশ পর্যন্ত কর রেয়াতের সুযোগ রাখা হয়েছে। যদিও কোনো একক চুক্তির ক্ষেত্রে এ ছাড়ের পরিমাণ একটি প্ল্যাটফর্মের মোট কর দায়ের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, আইনটি এখন কার্যকর হয়েছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কাছে বাণিজ্যিক চুক্তি করার বার্তা স্পষ্ট। কোনো প্ল্যাটফর্মকে তাদের আর্থিক বছরের হিসাব শেষ হওয়ার আগেই চুক্তি চূড়ান্ত করতে হবে, যাতে কর রেয়াতের সুবিধা নেওয়া যায়। সরকারের ভাষ্যমতে, অস্ট্রেলিয়ার সংবাদ ব্যবসা ও সাংবাদিকতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন।

উল্লেখ্য, জুয়া ও বাজির ওপর সীমাবদ্ধতা আরোপ করে আরেকটি আইন অনুমোদনের এক দিন পরেই এই বিধান পাস হলো।