আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের প্রস্তুতির সহায়ক হতে তিনটি সংক্ষিপ্ত রচনা (Short Composition) প্রকাশিত হয়েছে। রচনাগুলোতে শিক্ষার্থীদের ব্যক্তিগত অনুভূতি, প্রাকৃতিক দুর্যোগ ও স্থানীয় পরিচিতির মতো পরিচিত বিষয়বস্তু স্থান পেয়েছে।

প্রথম রচনাটি 'আমার জন্মদিন' (My Birthday) শীর্ষক। এতে একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে নিজের জন্মদিনের বিশেষত্ব বর্ণিত হয়েছে। লেখাটিতে পরিবার ও বন্ধুদের সাথে দিনটি উদ্যাপনের চিত্র ফুটে উঠেছে। ঘর সাজানো, নতুন পোশাক পরা, কেক কাটা, জন্মদিনের গান গাওয়া, বন্ধুদের কাছ থেকে উপহার পাওয়া এবং বিভিন্ন খেলায় অংশ নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি পিতামাতার আশীর্বাদ ও আত্মীয়স্বজনের শুভেচ্ছা প্রাপ্তির মাধ্যমে দিনটি যে স্মরণীয় হয়ে থাকে, সে অনুভূতিও প্রকাশ পেয়েছে।

দ্বিতীয় রচনাটি ‘একটি ঘূর্ণিঝড়’ (A Cyclone) নিয়ে। এতে ঘূর্ণিঝড়কে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিত্রিত করা হয়েছে। প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টির ফলে উপকূলীয় অঞ্চলে গাছপালা উপড়ে যাওয়া, ঘরবাড়ি ধ্বংস, রাস্তা ও সেতু ভেঙে পড়া এবং নদীর পানি উত্তাল হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। দুর্যোগের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মানুষের গৃহ ও সম্পদ হারানোর দুর্ভোগের কথাও এতে রয়েছে। সরকার কর্তৃক পূর্ব সতর্কতা প্রদান, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ, উদ্ধারকর্মী দলের সহায়তা এবং ত্রাণ বিতরণের মতো বিষয়গুলো স্থান পেয়েছে। রচনাটির উপসংহারে দুর্যোগের সময় সাবধানতা অবলম্বন এবং দুর্গতদের প্রতি সহায়তার মনোভাব পোষণের আহ্বান জানানো হয়েছে।

সবশেষ রচনাটি ‘আমার নিজ জেলা’ (My Home District) শীর্ষক। এটি লেখকের নিজ জেলার প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং সেখানকার মানুষের জীবনযাত্রার বর্ণনা দেয়। জেলার গুরুত্ব, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজর, পরিচ্ছন্ন সড়ক, নদী ও সবুজ মাঠের কথা উল্লেখ রয়েছে। কৃষকের ধান ও সবজি চাষ, নির্মল বায়ু এবং সরল-বন্ধুসুলভ মানুষের পরিচয় ফুটে উঠেছে। পথের পাশে সারি সারি গাছ, সকালে পাখির মধুর গান, শাস্ত পরিবেশ ও বার্ষিক বিভিন্ন উৎসবের আনন্দ রচনাটিকে সমৃদ্ধ করেছে। নিজের জেলার উন্নয়নের গল্প, পরিশ্রমী জনগোষ্ঠীর কথা এবং নিজের জেলার প্রতি ভালোবাসা ও গর্বের অনুভূতি এই রচনার মূল সুর।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকার প্রভাষক ইকবাল খান এই নমুনা রচনাগুলো প্রস্তুত করেছেন, যা প্রাথমিক বৃত্তি প্রত্যাশীদের জন্য সহায়ক হিসেবে গণ্য করা হবে।