কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পেশাজীবন শুরু করার মাত্র ছয় বছরের মাথায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন টনি ইউহুয়াই উ। চীনে জন্ম নেওয়া এই তরুণ গবেষক সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাত কোটি মার্কিন ডলার (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে প্রায় ৮৬১ কোটি টাকা) মূল্যের একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সিলিকন ভ্যালির কাছাকাছি ক্যালিফোর্নিয়ার হিলসবোরো এলাকায় অবস্থিত ‘ভিলা দে ভেরানো’ নামের এই সম্পত্তিটি চলতি বছরে রাজ্যটিতে বিক্রি হওয়া সবচেয়ে দামি বাড়িগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এ বিষয়ে উ নিজে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। বিপুল অঙ্কের এই ক্রয়ের খবর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১২ একর জমির ওপর নির্মিত বাড়িটিতে ছয়টি শয়নকক্ষ রয়েছে। তবে আকারই একমাত্র আকর্ষণ নয়; এর অভ্যন্তরীণ সুবিধাগুলোও বেশ চমকপ্রদ। নয় গর্তের একটি ব্যক্তিগত গলফ কোর্স, ১৫০ আসনের উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার এবং ২ হাজার ১০০ গ্যালন ধারণক্ষমতার লবণাক্ত পানির অ্যাকুয়ারিয়াম — এসব সুবিধা মিলিয়ে সম্পত্তিটিকে অনেকটা ব্যক্তিগত রিসোর্টের সঙ্গে তুলনা করা হচ্ছে।
গণিত ও মেশিন লার্নিংয়ে পড়াশোনার মাধ্যমে এআই গবেষণার পথে পা বাড়ান টনি ইউহুয়াই উ। ২০১৫ সালে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক থেকে গণিতে স্নাতক সম্পন্ন করার পর ইউনিভার্সিটি অব টরন্টোতে মেশিন লার্নিংয়ে পিএইচডি করেন। পড়াশোনা শেষ হওয়ার আগেই বিশ্বের শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোতে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করেন তিনি। ওপেনএআই এবং গুগলের ডিপমাইন্ডে ইন্টার্নশিপের সুযোগ পান। পরবর্তীকালে ২০২১ সালে গুগলে গবেষক হিসেবে যোগ দেন তিনি।
২০২৩ সালে ইলন মাস্কের প্রতিষ্ঠিত এক্সএআইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হন উ। সেখানে তিনি চ্যাটবট গ্রক তৈরির প্রকল্পে যুক্ত ছিলেন। এআইকে গণিত ও যুক্তিভিত্তিক চিন্তা শেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ২০২৫ সালে গ্রক ৩-এর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ইলন মাস্কের পাশে দেখা যায় তাঁকে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক্সএআই থেকে বিদায় নেন তিনি।
এক্সএআই ছাড়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উ লেখেন, ‘এবার আমার পরবর্তী অধ্যায়ে যাওয়ার সময়। সম্ভাবনায় ভরা এই যুগে এআইকে কাজে লাগিয়ে একটি ছোট দলও বিশাল পরিবর্তন আনতে পারে এবং সম্ভাবনার সংজ্ঞা নতুন করে লিখতে পারে।’ সূত্র: ইন্ডিয়া টুডে।




