রাজধানীর নভোথিয়েটারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। দেশের তরুণ গবেষক, বিজ্ঞানী, উদ্যোক্তা এবং প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন ও কাজকে জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় মেলাটি অনুষ্ঠিত হবে।

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজকরা জানিয়েছেন, মেলায় ১৪টি উদ্ভাবন খাতের শতাধিক প্রকল্প প্রদর্শিত হবে। এর পাশাপাশি ৫০টির বেশি বিশ্ববিদ্যালয় এবং ৫০টির বেশি করপোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ১০টির বেশি সেশন ও সংলাপ এবং উদ্ভাবনবিষয়ক বিশেষ আয়োজনও থাকবে এতে।

গবেষণা ও নতুন ধারণাকে বাস্তব পণ্য বা সেবায় রূপ দেওয়ার জন্য মেলাটি একটি বড় সুযোগ তৈরি করবে বলে মনে করছেন আয়োজকরা। ৫০টির বেশি উদ্ভাবনী প্রকল্পের উপস্থাপনা ছাড়াও বৈশ্বিক ও প্রবাসী বাংলাদেশি মিলিয়ে ১০টির বেশি বিশেষজ্ঞ প্রতিনিধি এতে অংশ নেবেন। মেলায় একটি বিশেষ ইনোভেশন হাব থাকবে, যেখানে উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে নানা কার্যক্রম পরিচালিত হবে।

সাধারণ দর্শনার্থী, শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা, স্টার্টাপ, সরকারি-বেসরকারি সংস্থা এবং শিল্পপ্রতিষ্ঠান—সব পর্যায়ের মানুষই নিজেদের উদ্ভাবন তুলে ধরার সুযোগ পাবেন এই মেলায়। নতুন কোনো উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করতে চাইলে আগামী ২৫ আগস্টের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো innovationfairbd.org।