আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘কে-পপ ডেমন হান্টার্স’ খ্যাত গায়িকা ইজে। বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার আগেই বাগ্দানের মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। কোরিয়ান-আমেরিকান প্রযোজক স্যাম কিমের সঙ্গে তাঁর বাগ্দান সম্পন্ন হয়েছে।
স্যাম কিমের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ইজে আবেগঘন একটি বার্তাও দিয়েছেন। তিনি লিখেছেন, এমন একজনকে পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন, যাঁকে তিনি নিজের ঘর বলতে পারবেন। একসঙ্গে নয়টি বছর কাটানোর পর সামনে আরও অনেক বছর একসঙ্গে কাটানোর প্রত্যাশা প্রকাশ করেছেন এই শিল্পী।
পোস্ট করা ছবিগুলোর একটিতে ইজের হাতে বাগ্দানের আংটি স্পষ্ট দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে নিজের আংটি পরা হাতটি হবু স্বামীর হাতের ওপর রেখেছেন তিনি। পাশাপাশি দুজনকে আলিঙ্গনরত অবস্থায়ও দেখা গেছে। ‘ক্যাটসআই’ খ্যাত এই তারকার পোস্টটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর ‘গোল্ডেন’ গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী হিসেবে বিশ্বজুড়ে বিপুল পরিচিতি পান ইজে। এই গানটির জন্যই তিনি ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গানের পুরস্কার এবং ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গানের পুরস্কার জেতেন।




