বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত যাদের বিলাসবহুল প্রাসাদ, ব্যক্তিগত জেট ও কোটি কোটি ডলারের সম্পদের কাহিনি শুনে অভিভূত, সেই ফুটবল মহাতারকাদের জীবনের সূচনা কিন্তু ঘটেছিল একেবারে সাধারণ, অনেক ক্ষেত্রে দরিদ্র পরিবেশে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, লুকা মদরিচ, সাদিও মানে, করিম বেনজেমা ও কার্লোস তেভেজের শৈশবের বাসস্থান ও বর্তমান ঠিকানার পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা হলো।

লিওনেল মেসির জন্ম ১৯৮৭ সালে, আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোসারিও শহরের লা বাজাদা এলাকায়। প্রায় ১৩ বছর বয়স পর্যন্ত তিনি এই অতি সাধারণ বাড়িতে বেড়ে ওঠেন। সময়ের পরিক্রমায় এখন তার প্রধান নিবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে। পাশাপাশি স্পেনের বার্সেলোনার কাস্তেলদেফেলসেও তার একটি দামি বাড়ি রয়েছে।

অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম ও বেড়ে ওঠা পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনশাল শহরের সান্তো আন্তোনিও এলাকার একটি সাধারণ ভবনের ছোট ফ্ল্যাটে। ১৯৮৫ সাল থেকে কৈশোর পর্যন্ত তিনি সেখানেই কাটিয়েছেন। কিন্তু বর্তমানে তার ঠিকানা সৌদি আরবের রিয়াদ, পর্তুগালের কাসকাইশ, মাদেইরা ও স্পেনে ছড়িয়ে আছে। কাসকাইশে তার নতুন ম্যানশনকে ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বাড়িগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

নেইমার জুনিয়র ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের মোগি দাস ক্রুজেস শহরের একটি সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন। ছোটবেলায় পরিবারের সদস্যদের সাথে ছোট্ট একটি বাড়িতে তার বসবাস ছিল। বর্তমানে তার বিলাসবহুল আবাস রয়েছে ব্রাজিলের মাঙ্গারাতিবা, সাও পাওলো এবং সৌদি আরবে। নিজস্ব জেট, হেলিপ্যাড ও বিশাল সুইমিংপুলের কারণে তার বাড়িগুলো সর্বদা আলোচনার কেন্দ্রে থাকে।

লুকা মদরিচের জন্ম ক্রোয়েশিয়ার জাদার অঞ্চলের ছোট গ্রাম মোদ্রিচিতে। যুদ্ধের সময় তার পরিবার উদ্বাস্তু হয়ে জাদারের একটি হোটেলে দীর্ঘকাল কাটাতে বাধ্য হয়। এখন তার প্রধান বাসস্থান স্পেনের মাদ্রিদে, এবং ক্রোয়েশিয়াতেও একটি বাড়ি রয়েছে।

সেনেগালের সেদিও অঞ্চলের বামবালি গ্রামে জন্ম নেওয়া সাদিও মানের শৈশব কেটেছে বিদ্যুৎ ও আধুনিক সুযোগ-সুবিধাবিহীন এক প্রত্যন্ত এলাকায়। বর্তমানে সৌদি আরবে তার বাসস্থান থাকলেও, নিজ গ্রামে তিনি হাসপাতাল, স্কুল ও নানা উন্নয়নমূলক প্রকল্পে অর্থ বিনিয়োগ করে চলেছেন।

করিম বেনজেমা বড় হয়েছেন ফ্রান্সের লিঁও শহরের ব্রঁ এলাকার একটি সরকারি আবাসন প্রকল্পে। তার শৈশব অতিবাহিত হয় আলজেরীয় বংশোদ্ভূত এক শ্রমজীবী পরিবারে। এখন তার বাস সৌদি আরবের জেদ্দায়, এবং ফ্রান্স ও স্পেনেও তার বিলাসবহুল বাড়ি আছে।

কার্লোস তেভেজের শৈশব কেটেছে আর্জেন্টিনার বুয়েনস এইরেসের কুখ্যাত দরিদ্র ও অপরাধপ্রবণ এলাকা ফুয়ের্তে আপাচেতে। সাফল্যের পর তিনি বুয়েনস এইরেসের অভিজাত এলাকায় নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করেছেন এবং সেখানেই তার স্থায়ী আবাস।

এই তারকাদের জীবনের গল্প শুধু সম্পদের নয়, বরং সাধারণ সূচনা থেকে অসাধারণ উচ্চতায় পৌঁছানোর এক জীবন্ত প্রমাণ।