রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ব্যাপক অভিযান চালিয়ে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চলা এই অভিযানগুলো পরিচালিত হয়।
ডিএমপির বিভাগগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রমনা বিভাগ ৪৬ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৮৫ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১০১ জন, গুলশান বিভাগ ৩৪ জন এবং উত্তরা বিভাগ ৪৩ জনকে গ্রেপ্তার করে। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৭ জন এবং সিটিটিসি বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র। ডিএমপির বরাত দিয়ে জানা যায়, এসব অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৫টি গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭টি ইয়াবা বড়ি, ৪০ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।




