দেশব্যাপী পাইপলাইনে গ্যাস সরবরাহ সংকট চলমান থাকার মধ্যেই ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের এলপিজির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। রোববার (২ আগস্ট) নতুন এই মূল্য নির্ধারণ করে সংস্থাটি, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। ফলে প্রতি কেজি এলপিজির দাম ১২৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ১৩৩ টাকা ১৫ পয়সা হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৮ টাকায়, অর্থাৎ বেড়েছে ৭০ টাকা। বিইআরসি জানিয়েছে, বাজারে বিভিন্ন আকারের সিলিন্ডার পাওয়া যায়; এখন থেকে ওজন অনুযায়ী প্রতি কেজির এই নতুন মূল্যের ভিত্তিতেই সব সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।
মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে এলপিজির দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এর প্রভাব দেশের বাজারেও পড়েছে। চলতি বছরের এপ্রিল মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম বৃদ্ধি পায় এলপিজির। ওই মাসের শুরুতেই ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ানো হয় ৩৮৭ টাকা, এবং ১৯ এপ্রিল আবারও বাড়ানো হয় ২১২ টাকা। তবে জুন ও জুলাই মাসে টানা দুইবার দাম কমানো হয়। গত মাসে (জুলাই) ৩৫৭ টাকা কমানোর পর ১২ কেজির সিলিন্ডারের দাম নেমে ১ হাজার ৫২৮ টাকায় এসেছিল। এখন আবার সেই দাম বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা হয়েছে।
গৃহস্থালির কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারগুলোর দাম নিয়ে নানা অভিযোগ রয়েছে। অনেকে অভিযোগ করছেন, নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করছেন এলপিজি বিক্রেতারা। অন্যদিকে, পাইপলাইনে গ্যাস সংকটের কারণে অনেক গ্রাহক রান্নার জন্য এলপিজি সিলিন্ডারের দিকে ঝুঁকছেন। সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া, গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের (এলপিজি) দাম প্রতি লিটারে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।
২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো প্রতি মাসে এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে, যা 'সৌদি কার্গো মূল্য' (সিপি) নামে পরিচিত। এই সিপিকেই ভিত্তি ধরে বিইআরসি দেশে এলপিজির দাম সমন্বয় করে থাকে। আমদানিকারক কোম্পানির চালানের (ইনভয়েস) মূল্য থেকে গড় বাজারমূল্য হিসাব করে পুরো মাসের জন্য ডলারের দরও নির্ধারণ করা হয় বিইআরসির পক্ষ থেকে।

