রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম ব্যাপক বেড়েছে। এক মাস আগেও ভালো মানের এক কেজি কাঁচা মরিচ কেনা যেত ১০০ থেকে ১২০ টাকায়। বর্তমানে সেই একই পণ্যের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। কোনো কোনো বাজারে কেজি প্রতি ২৮০ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের দাম ব্যাপকভাবে বেড়েছে। উত্তরার আশকোনা হজক্যাম্প বাজারেও একই চিত্র লক্ষ্য করা গেছে। দাম বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে টানা বৃষ্টি ও বন্যাকে চিহ্নিত করেছেন বিক্রেতারা। সপ্তাহ দেড়েক আগে শুরু হওয়া টানা বৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন এলাকায় সবজি খেতে পানি জমে যায়। এতে অনেক সবজি নষ্ট হয়েছে এবং সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে অন্যান্য সবজির সঙ্গে কাঁচা মরিচের দামও এক ধাপ বেড়ে যায়। এর মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে আবারও টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
বিক্রেতারা জানিয়েছেন, বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কমবেশি বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম দ্বিগুণ বা তারও বেশি বেড়েছে। বাজারভেদে দামের তারতম্য রয়েছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে আজ প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়েছে। টাউন হল বাজারে এই দাম ২৫০ থেকে ২৮০ টাকা পর্যন্ত উঠেছে। কারওয়ান বাজারে তুলনামূলক কম দামে ভালো মানের মরিচ পাওয়া যায়, সেখানেও দাম ২০০ টাকা। সাধারণ মানের মরিচের দাম ১৬০ টাকার আশপাশে রাখছেন বিক্রেতারা।
গত রাতে রাজধানীর আশকোনা হজক্যাম্প এলাকার কাঁচাবাজারে সবজি কিনতে যাওয়া জাকির হোসেন ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছেন ৬০ টাকায়, অর্থাৎ কেজি প্রতি ২৪০ টাকা। তিনি জানান, বৃষ্টির কারণে প্রতিদিনই কাঁচা মরিচের দাম বাড়ছে। এক সপ্তাহ আগে ৪০ টাকায় ২৫০ গ্রাম মরিচ কিনলেও আজ তা বেড়ে ৬০ টাকা হয়েছে।
পেঁয়াজের দামেও কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আজ ধরনভেদে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে, যা এক সপ্তাহ আগে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল-নাহিয়ান জানান, বৃষ্টির কারণে পাইকারি বাজারে কাঁচা মরিচ কম আসছে কিন্তু চাহিদা বেশি থাকায় দাম বাড়তি। শুধু মরিচ নয়, প্রায় সব সবজির দামই বেড়েছে। বর্তমানে ১০০ টাকার নিচে হাতে গোনা তিন-চার ধরনের সবজি পাওয়া যাচ্ছে।




