চীনের স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’ সম্প্রতি বক্স অফিসে অস্বাভাবিক সাফল্য পেয়েছে, কিন্তু তার পেছনে রয়েছে দর্শকের উপহাস ও সমালোচনা। মুক্তির পরপরই সিনেমাটি তার দুর্বোধ্য গল্প এবং অত্যন্ত নিম্নমানের গ্রাফিকসের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হয়। তবে সেই নেতিবাচক আলোচনাই যেন সিনেমাটির জন্য বিশাল প্রচারণায় পরিণত হয়েছে। দর্শকদের মধ্যে কৌতূহল বাড়তে থাকলে টিকিট বিক্রিও দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করে, যার ফলে সিনেমাটি এখন হলিউডের বড় বাজেটের ছবিগুলোর সঙ্গেও প্রতিযোগিতা করছে।

সিনেমা ট্র্যাকিং সাইট মাও ইয়ানের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ১০ দিনে ‘নিউ লাই’ আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০৫ ইউয়ান, যা মার্কিন ডলারে প্রায় ১ হাজার ১৪০ ডলার। কিন্তু সিনেমাটি ভাইরাল হওয়ার পর এর মোট আয় এখন ১ কোটি ১৪ লাখ ইউয়ান ছাড়িয়ে গেছে। এই সময়ে সিনেমাটি ‘দ্য অডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর মতো বড় বাজেটের হলিউড ছবিগুলোর সাথে বক্স অফিসে লড়াই করছে। সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মজার মন্তব্য ছড়িয়ে পড়েছে। একজন নেটিজেন লিখেছেন, ‘৮০ মিনিট এই সিনেমা দেখলে আফসোস হতে পারে, কিন্তু না দেখলে সারা জীবন আফসোস করবেন।’

সিনেমাটির অ্যানিমেশনের মান দেখে দর্শকরা মজা করে বলছেন, এত খারাপ অ্যানিমেশন এআই দিয়ে বানানো সম্ভব নয়, নিশ্চয়ই মানুষ হাতে বানিয়েছে! কেউ লিখেছেন, ‘এটা সত্যিই দারুণ কাজ।’ অন্য একজন সিনেমাটিকে ‘পুরোপুরি হাতে বানানো’ আখ্যা দিয়ে বলেছেন, এটি এবারের গ্রীষ্মের সবচেয়ে বড় ‘চমক’। এমনকি সিনেমাটির নাম নিয়েও চলছে নানা কৌতুক। চীনা ভাষায় ‘ষাঁড়’ ও ‘গরু’ বোঝাতে একই অক্ষর ব্যবহার করা হয়, তাই কেউ কেউ মজা করে বলছেন, সিনেমাটির সাফল্যের সঙ্গে শেয়ারবাজারও যেন চাঙা হয়েছে। একজন উইবো ব্যবহারকারী লিখেছেন, ‘আগামীকাল শেয়ারবাজারের সূচক ৪ হাজারে উঠলে আমি সিনেমাটি দেখতে হলে যাব।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সিনেমাটি ভয়ংকর, তবে নামটা দারুণ।’

মুক্তির আগে ‘নিউ লাই’ নিয়ে প্রায় কোনো প্রচারণাই ছিল না। এমনকি সিনেমাটির ঠিকঠাক প্রচারমূলক পোস্টারও ছিল না। কিন্তু এখন দর্শকের চাহিদা এতটাই বেড়েছে যে সিনেমা হলগুলো বাড়তি প্রদর্শনীর ব্যবস্থা করছে। দর্শক টানতে কোথাও কোথাও হলের কর্মীরা নিজেদের হাতে পোস্টার এঁকে দেয়ালে সেঁটে দিচ্ছেন। সিনেমাটিকে ঘিরে এমন উন্মাদনাকে নজিরবিহীন বলছে সিনেমা পর্যবেক্ষণকারী একটি উইবো অ্যাকাউন্ট। তাদের ভাষায়, ‘এমন রেকর্ড আগে দেখা যায়নি, সম্ভবত ভবিষ্যতেও দেখা যাবে না।’

তবে সবার কাছে এই সাফল্য ইতিবাচক হিসেবে ধরা পড়েনি। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম ‘বেইজিং নিউজ’-এর এক মন্তব্য প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সিনেমা হলগুলো যদি এ ধরনের নিম্নমানের সিনেমার অতিরিক্ত প্রদর্শনী চালাতে থাকে, তাহলে দর্শকের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হবে। এর আগে নিম্নমানের কিছু সিনেমা নিয়ে সমালোচনা হলেও ‘নিউ লাই’ সেই মানকে আরও নিচে নামিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। তারা সিনেমা হলগুলোকে দর্শকের স্বার্থ বিবেচনা করার আহ্বান জানিয়ে বলেছে, মানহীন সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে হলগুলোকে আরও সতর্ক হওয়া উচিত এবং ‘নিউ লাই’-এর মতো সিনেমাকে এভাবে বেশি প্রদর্শনের সুযোগ দেওয়া ঠিক নয়।