রাজধানীর রমনা থানা এলাকার সিদ্ধেশ্বরী রোডের একটি ভবনে গ্রেপ্তারি অভিযান চালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বুধবার দিবাগত রাতে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫১), তিনি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা। পুলিশের দাবি, প্রতারণার একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে ধরতে ভবনের অষ্টম তলায় নিজ ফ্ল্যাটে যায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন নজরুল। সেই সময় তিনি অষ্টম তলার কার্নিশ থেকে নিচে পড়ে যান বলে পুলিশের বক্তব্য।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, আদালতে দায়ের হওয়া প্রতারণার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন নজরুল। তাঁকে গ্রেপ্তারের জন্য গতকাল রাত ১২টার দিকে তাঁর সিদ্ধেশ্বরীর বাসায় যায় রমনা থানার পুলিশ। পুলিশের কাছে আগেই তথ্য ছিল যে তিনি বাসায় অবস্থান করছেন। কিন্তু অভিযানের সময় তাঁকে ফ্ল্যাটের ভেতরে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর পুলিশ দেখতে পায়, নজরুল তাঁর শোবার ঘরের সংলগ্ন কার্নিশে দাঁড়িয়ে আছেন। পুলিশ তাঁকে ভেতরে আসার আহ্বান জানায়। এরই মধ্যে তিনি কার্নিশ থেকে নিচে পড়ে যান বলে জানান ওসি।
গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা–নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। অভিযানে নেতৃত্ব দেওয়া রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল কার্নিশে গিয়ে লুকিয়ে ছিলেন। তাঁর ধারণা, হয়তো তিনি পালিয়ে পাশের ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় নিচে পড়ে যান তিনি।
ফ্ল্যাটটিতে নজরুল ও তাঁর স্ত্রী রওশনারা বেগম একসঙ্গে থাকতেন। অভিযানের সময় রওশনারা বেগমকে ফ্ল্যাটের ভেতর পাওয়া যায়। তাঁদের ছেলে দেশের বাইরে থাকেন। ঘটনার বিষয়ে নজরুলের পরিবারের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে নজরুলের মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এজন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

