এক সময় ষাট বছর বয়স মানেই ছিল কর্মজীবন থেকে অবসর নিয়ে প্রশান্তির জীবন কাটানো। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সেই চিত্র বদলে গেছে। রেজিউমে বিল্ডারের একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, ৬০ থেকে ৭৫ বছর বয়সী আমেরিকানদের মধ্যে ২৭ শতাংশ মানুষ আর্থিক অক্ষমতার কারণে অবসর নিতে পারছেন না। পরিস্থিতি এতটাই জটিল যে, প্রায় ১০ শতাংশ বয়োজ্যেষ্ঠ নাগরিক তাদের আয়ের উৎস বাড়াতে দ্বিতীয় চাকরি গ্রহণ করেছেন। এছাড়া যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন, তাদের মধ্যে ১২ শতাংশ পুনরায় কর্মক্ষেত্রে ফেরার কথা ভাবছেন।
এই প্রবণতার মূলে রয়েছে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়। যারা এখনও কর্মরত বা কাজে ফিরতে আগ্রহী, তাদের ২৮ শতাংশই উচ্চ জীবনযাত্রার খরচকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে এর অর্থ এই নয় যে তারা সঞ্চয়ে অবহেলা করেছেন। অধিকাংশ বয়োজ্যেষ্ঠেরই সঞ্চয় রয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে সেই অর্থ চলবে কি না তা নিয়ে তাদের মনে গভীর সংশয়। সমীক্ষায় দেখা গেছে, মাত্র ২০ শতাংশের কোনো সঞ্চয় নেই, তবে ৩৭ শতাংশ মনে করেন এখনই অবসর নিলে তারা একটি মানসম্মত জীবনযাপন করতে পারবেন না। বিশেষ করে ভ্রমণ বা বিলাসিতার মতো ইচ্ছাগুলো পূরণের জন্য তাদের সঞ্চিত অর্থ যথেষ্ট নয়।
অর্থনৈতিক চাপের পাশাপাশি ভবিষ্যতের অনিশ্চয়তাও তাদের ভাবিয়ে তুলছে। ১৭ শতাংশ মানুষ সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তনের বিষয়ে চিন্তিত এবং ১৬ শতাংশ ভয় পাচ্ছেন ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা খরচে। যদিও ১৮ শতাংশ বয়োজ্যেষ্ঠ কেবল মানসিক প্রশান্তি, উদ্দেশ্য খুঁজে পাওয়া কিংবা হাতখরচ বাড়ানোর জন্য স্বেচ্ছায় কাজ করছেন।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ১৯৮০-র দশকের তুলনায় বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সীদের কর্মসংস্থানের হার চারগুণ বেড়েছে। এখন প্রায় ২০ শতাংশ প্রবীণ আমেরিকান কর্মরত, যা ৩৫ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতি কেবল আমেরিকায় সীমাবদ্ধ নয়; যুক্তরাজ্যের ক্ষেত্রেও দেখা গেছে যে প্রায় ২০ শতাংশ বেবি বুমার এবং লেট জেন এক্স নাগরিক একই কারণে অবসরে না গিয়ে কাজে ফিরছেন।
এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে আর্থিক বিশেষজ্ঞ সুজ ওরমান তরুণ প্রজন্মকে সতর্ক করেছেন। তিনি কম্পাউন্ড গ্রোথ বা চক্রবৃদ্ধি মুনাফার গুরুত্ব ব্যাখ্যা করে দেখিয়েছেন যে, জেন জি এবং মিলেনিয়ালরা অল্প বয়স থেকেই বিনিয়োগ শুরু করলে কোটিপতি হয়ে অবসর নিতে পারেন। তার উদাহরণ অনুযায়ী, ২৫ বছর বয়স থেকে প্রতি মাসে ১০০ ডলার করে ১২ শতাংশ মুনাফায় বিনিয়োগ করলে ৬৫ বছর বয়সে প্রায় ১১ লাখ ৮৮ হাজার ডলার সঞ্চয় সম্ভব। অন্যদিকে, এই যাত্রা যদি ৩০ বছর বয়স থেকে শুরু করা হয়, তবে সঞ্চয়ের পরিমাণ কমে দাঁড়াবে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ডলারে। আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠি হলো সঠিক সময়ে বিনিয়োগ শুরু করা এবং চক্রবৃদ্ধি মুনাফার সুযোগ নেওয়া বলে তিনি মনে করেন।




