ফুটবল বিশ্বে টানা সর্বোচ্চ ম্যাচে গোলের দীর্ঘ ৮৭ বছরের পুরনো বিশ্ব রেকর্ডটি এখন আল নাসরের দখলে। আগে এই কীর্তিটি ধরে রেখেছিল আর্জেন্টিনার কিংবদন্তি ক্লাব রিভার প্লেট। সম্প্রতি সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করার মাধ্যমে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে রোনালদোর দল।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'এল গ্রাফিকো'-র তথ্য অনুযায়ী, ১৯৩৬ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১৯৩৯ সালের ৪ জুন পর্যন্ত ঘরোয়া লিগের টানা ৯৩টি ম্যাচে গোল করেছিল রিভার প্লেট, যেখানে মোট গোলের সংখ্যা ছিল ৩০১। এই অবিশ্বাস্য যাত্রায় প্রধান ভূমিকা রেখেছিলেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি হোসে ম্যানুয়েল মোরেনো ফার্নান্দেজ, যাকে ভক্তরা 'এল চারো' বা 'কাউবয়' বলে ডাকতেন। মোরেনো ১৯৩৫ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত রিভার প্লেটে খেলেছেন এবং অ্যাডলফো পেদেরনার মতো তারকার সঙ্গে জুটি বেঁধেছিলেন। স্প্যানিশ সংবাদমাধ্যম 'এএস'-এর প্রতিবেদন অনুযায়ী, এই রেকর্ড গড়ানোর সময় মোরেনো ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৭৭টি গোল করেছিলেন। মোরেনো ছিলেন প্রথম ফুটবলার যিনি চারটি ভিন্ন দেশে প্রথম বিভাগের লিগ শিরোপা জিতেছিলেন। তাঁর শটের প্রচণ্ড শক্তির কথা প্রচলিত ছিল, এমনকি শোনা যেত তিনি বুটে লোহা ব্যবহার করতেন।

দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে টিকে থাকা এই রেকর্ড ভাঙার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে প্রথম গোলটি করে রোনালদো আল নাসরকে রিভার প্লেটের রেকর্ডের সমকক্ষ করে তোলেন। এরপর গত শনিবার আল খালিজ ম্যাচে সৌদি ফরোয়ার্ড আবদুল্লাহ আল-হামদানের গোলের মাধ্যমে রেকর্ডটির একক মালিকানা লাভ করে আল নাসর। ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদকে ৪-১ গোলে পরাজিত করার পর থেকে লিগে টানা ম্যাচে গোল করার এই অভিযাত্রা শুরু হয়েছিল আল নাসরের।

তবে 'এল গ্রাফিকো' আরও উল্লেখ করেছে যে, শুধুমাত্র লিগ নয় বরং সব ধরনের অফিশিয়াল ম্যাচ বিবেচনা করলে রিভার প্লেটের একটি রেকর্ড এখনো অটুট রয়েছে। সেই সময়ে তারা স্থানীয় টুর্নামেন্ট এবং কাপ ম্যাচ মিলিয়ে টানা ৯৬টি ম্যাচে গোল করেছিল। এর মধ্যে ৯৩টি লিগ ম্যাচ, পেনিয়ারোলের বিপক্ষে দুটি দ্বিপক্ষীয় প্রতিযোগিতা এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি জাতীয় কাপ ম্যাচ অন্তর্ভুক্ত ছিল। এটি এখনো টানা সর্বোচ্চ অফিশিয়াল ম্যাচে গোলের বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃত।