আজ রোববার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান। এর ফলে আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা এখন পাঁচ। শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, আমন্ত্রিত অতিথি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপতি তাঁকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। ২৭ আগস্ট আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে। বিচারপতি হাবিবুল গনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে উন্নীত হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।