আইন পেশার সাথে সম্পূরক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রতিটি কোম্পানির জন্য যেভাবে একজন বাধ্যতামূলক অডিটর থাকা প্রয়োজন, ঠিক সেভাবেই একজন বাধ্যতামূলক আইনজীবী রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করা হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি বাণিজ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন এবং কোম্পানি আইনে প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন, যাতে আইনজীবীরা বিকল্প আয়ের সুযোগ পান।
রাজধানীর পুরান ঢাকায় ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মন্ত্রী এই কথাগুলো বলেন। তিনি আরও জানান, আইনজীবীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রুপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বিস্তৃত প্রায় ৮০ হাজার আইনজীবীর প্রশিক্ষণের জন্য চলতি বছরে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে আইন মন্ত্রণালয়।
নবীন আইনজীবীদের উদ্দেশ্যে মো. আসাদুজ্জামান বিশেষ পরামর্শ দিয়ে বলেন, তাঁরা যেন কেবল 'ছোট বারান্দার' আইনজীবী হয়ে না থাকেন। বিচারকদের সাথে অনৈতিক লেনদেনের পথে না চলে মেধা, প্রজ্ঞা এবং মননের বিকাশের মাধ্যমে নিজেদের ঋদ্ধ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে একটি দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। তাই পেশাগত উৎকর্ষতা সাধনের পাশাপাশি সব ধরনের অনিয়ম ও 'অন্ধগলি' বন্ধ করে দেওয়া হবে।
অনুষ্ঠানে আইনজীবী সুরক্ষা আইনের দাবি উঠলে মন্ত্রী জানান, সরকার এই আইনের প্রয়োজনীয়তা অনুভব করে। তবে সুরক্ষা আইন প্রণয়নের আগে বার কাউন্সিলের পেশাগত অসদাচরণ সংক্রান্ত ট্রাইব্যুনালগুলোকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, হাতেগোনা কয়েকজন আইনজীবীর নেতিবাচক আচরণের কারণে পুরো সমাজ মনে করে আইনজীবীরা অবিশ্বস্ত, যার ফলে সামাজিক মর্যাদাতেও প্রভাব পড়ে। ট্রাইব্যুনাল কার্যকর হলে সমাজ থেকেই আইনজীবীদের সুরক্ষার দাবি জোরালো হবে।
ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি আবজাল হোসাইন মৃধার তত্ত্বাবধানে এবং সিনিয়র সহ সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানির সঞ্চালনায় এই অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ ঢাকার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং পাবলিক প্রসিকিউটরসহ বিভিন্ন উচ্চপদস্থ বিচারিক কর্মকর্তা ও আইনজীবী উপস্থিত ছিলেন।




