সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহণ প্রদর্শনী (এডিআইএইচইএক্স) ২০২৬-এর পঞ্চম ধাপের নিলামে ঘটেছে অভূতপূর্ব ঘটনা। রোববার অনুষ্ঠিত সেই নিলামে একটি বিরল প্রজাতির সাদা বাজপাখির ছানা বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ দিরহাম = ৩৩ দশমিক ৫৭ টাকা) এই অঙ্কটি দাঁড়ায় ৫ কোটি ৩৫ লাখ টাকারও বেশি।

মধ্যপ্রাচ্যের মরুভূমিতে হাজার বছরের পুরনো বাজপাখি পালনের ঐতিহ্যকে তুলে ধরতে প্রতিবছর এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এবারের আসরে যে পাখিটি রেকর্ড দামে বিক্রি হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে, তার নাম 'আলট্রা হোয়াইট পিওর গির গারমুশা'। যুক্তরাষ্ট্রের মার্ক মগলিচ খামারে জন্ম নেওয়া এই ছানাটির শারীরিক গঠন এককথায় অসাধারণ। ধবধবে সাদা পালকে আচ্ছাদিত পাখিটির ওজন প্রায় ১ কেজি, আর ডানা মেললে এর দৈর্ঘ্য ও প্রস্থে ১৬ দশমিক ৫ ইঞ্চি করে।

শুভ্র এই রূপ এবং চমৎকার শরীরী কাঠামো দেখে নিলামে উপস্থিত সংগ্রাহক ও পাখিপ্রেমীরা মুগ্ধ হয়ে যান। ফলে দাম হাঁকতে কারও দ্বিধা ছিল না। শেষ পর্যন্ত রেকর্ড মূল্যেই বিক্রি হয়ে যায় পাখিটি। এ বিষয়ে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন কোম্পানির (অ্যাডনেক) ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও হুমাইদ মাতার আল ধাহেরি বলেন, এই রেকর্ড মূল্য প্রমাণ করে যে আন্তর্জাতিক বাজারে এডিআইএইচইএক্সের নিলামের গুরুত্ব দিন দিন বাড়ছে। একইসাথে এটি বাজপাখি পালনের বৈশ্বিক রাজধানী হিসেবে আবুধাবির অবস্থানকে আরও মজবুত করেছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং বিশ্বমঞ্চে তুলে ধরতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর মতে, এটি শুধু বাণিজ্যিক লেনদেন নয়, বরং মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত। এই নিলামের মাধ্যমে ফ্যালকনরি শিল্পের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহও নতুন করে প্রমাণিত হলো।