ভারতীয় চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্তের কাছে তাঁর বর্তমান সুপারস্টার পরিচয়ের চেয়ে অনেক বেশি মূল্যবান তাঁর অতীতের সাধারণ জীবন। বিশেষ করে পাঁচ বছর ধরে বেঙ্গালুরুতে বাস কন্ডাক্টর হিসেবে কাজ করার স্মৃতি তাঁকে আজও গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। ১৫ অক্টোবর মুক্তিপ্রাপ্ত বহুল প্রতীক্ষিত তামিল চলচ্চিত্র ‘জেলার ২’-এর প্রচারণামূলক এক অনুষ্ঠানে পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে আলাপচারিতার সময় এই কথা জানান তিনি। রজনীকান্ত জানান, খাকি পোশাক পরা কন্ডাক্টর বা বাস দেখলে তাঁর পুরোনো দিনের কথা মনে পড়ে এবং সেই কারণেই তিনি বারবার বেঙ্গালুরুতে ফিরে যান। তাঁর মতে, সুপারস্টার রজনীকান্ত হিসেবে নিজেকে মানিয়ে নেওয়ার চেয়ে তিনি নিজেকে একজন বাস কন্ডাক্টর হিসেবেই ভাবতে স্বচ্ছন্দ বোধ করেন।

রজনীকান্তের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর বেঙ্গালুরুতে। তাঁর আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। শৈশব কেটেছে অত্যন্ত সাধারণ ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে। গাভিপুরম গভর্নমেন্ট কন্নড় মডেল প্রাইমারি স্কুলে পড়াশোনা করার সময় তিনি যেমন মনোযোগী ছিলেন, তেমনই দুষ্টুমিতেও ছিলেন পটু। পরবর্তীতে রামকৃষ্ণ মিশনে ভর্তির পর তাঁর মধ্যে আধ্যাত্মিকতা এবং অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ তৈরি হয়। মঞ্চনাটকের মাধ্যমে তিনি শিক্ষক ও সহপাঠীদের প্রশংসা অর্জন করেন। তবে দীর্ঘ জীবনযাত্রায় তিনি কেবল অভিনয় নয়, বরং জীবিকা নির্বাহের জন্য অফিস বয়, কুলি ও কাঠমিস্ত্রির মতো নানা পেশায় যুক্ত ছিলেন। বিশেষ করে বাস কন্ডাক্টর হিসেবে তাঁর টিকিট দেওয়া এবং খুচরা টাকা ফেরানোর বিশেষ ভঙ্গি যাত্রীদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিল যে, অনেকে তাঁর বাসের জন্যই অপেক্ষা করতেন।

পরিবারের প্রাথমিক আপত্তি থাকলেও বন্ধুর সহায়তায় তিনি মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। অল্প কিছু তামিল শব্দ জানার পর সেখানে তাঁর যাত্রা শুরু হয় এবং পরিচালক কে বালাচন্দর তাঁকে ‘রজনীকান্ত’ নাম দেন, যার অর্থ ‘রাতের রং’।

এদিকে তাঁর নতুন সিনেমা ‘জেলার ২’ মূলত ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল। নেলসন দিলীপকুমারের পরিচালনায় এবং অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতে নির্মিত এই ছবিতে রজনীকান্ত আবারও অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তা মুথুভেল পান্ডিয়ান বা ‘টাইগার’ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার গল্প অনুযায়ী, পরিবারকে রক্ষা করতে এবং নতুন অপরাধজগতের হুমকি মোকাবিলা করতে তাঁকে আবারও কঠোর হয়ে উঠতে হবে। ট্রেলারে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এবারের শত্রু আরও শক্তিশালী এবং বিপদ অনেক বেশি। সিনেমাটিতে রজনীকান্তের পাশাপাশি বিদ্যা বালান, মোহনলাল, মিঠুন চক্রবর্তী, এস জে সূর্য এবং জ্যাকি শ্রফের মতো তারকা অভিনয় করেছেন।