কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মের শতবর্ষ পূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে 'বন্ধু আজকে দোদুল্যমান পৃথ্বী, আমরা গঠন করব নতুন ভিত্তি' এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম।

অনুষ্ঠানের শুরুতে সুকান্তের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, লেখক-গবেষক মামুন সিদ্দিকী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল খায়ের। বক্তারা বলেন, মাত্র ছয়-সাত বছরের সাহিত্যিক জীবনে সুকান্ত যে সৃষ্টি রেখে গেছেন, তা দীর্ঘদিন ধরে বাঙালিকে অনুপ্রাণিত করছে। তাঁর কবিতা যেমন সাহিত্যের দায়িত্ব পালন করেছে, তেমনি নিজের রাজনৈতিক দলের পক্ষেও ভূমিকা রেখেছে। ঔপনিবেশিক শোষণ ও মন্বন্তরের দিনগুলোতে সাধারণ মানুষের সংগ্রামের সঙ্গী ছিলেন এই কবি।

বক্তারা আরও বলেন, সুকান্তের প্রায় আট দশক পরও সমাজের মৌলিক সমস্যাগুলো অপরিবর্তিত। বৈষম্য, বেকারত্ব, মূল্যস্ফীতি, শ্রমিক-কৃষকের দুর্দশা, দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ, সামাজিক অবিচার ও পরিবেশগত সংকট আজও প্রকট। তাই সুকান্ত এখনো প্রাসঙ্গিক।

সভাপতির বক্তব্যে মাহমুদ সেলিম বলেন, সংগ্রাম ও আন্দোলনে সুকান্তের কবিতা-গান আজও পাশে আছে। যেখানেই সংগ্রাম, সেখানেই সুকান্ত।

আলোচনা শেষে শত প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সুকান্তের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় ও ঢাকা মহানগর সংসদসহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা। এরপর সুকান্তের 'ছাড়পত্র' কবিতাটি শপথ হিসেবে পাঠ করান সহসভাপতি বেলায়েত হোসেন।

সাংস্কৃতিক পর্বে 'অবাক পৃথিবী' গানের তালে ধৃতি নর্তনালয়ের শিল্পীরা পরিবেশন করেন দলীয় নৃত্য। সংগীত বিভাগের শিল্পীরা সুকান্তের কবিতার সুরারোপিত গান গেয়ে শোনান — 'হে মহামানব একবার এসো ফিরে', 'হে সাথী আজকে স্বপ্নের দিন গোনা', 'হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ'। একক সংগীত পরিবেশন করেন অলক দাশগুপ্ত, জয়া সেনগুপ্তা, শাওন কুমার রায়, সরস্বতী সরকার ও বিজয় বণিক।

সম্মেলক আবৃত্তিতে অংশ নেন উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের শিল্পীরা। এর পরিকল্পনায় ছিলেন বেলায়েত হোসেন এবং নির্দেশনায় শিখা সেনগুপ্তা। একক আবৃত্তি করেন মাসুদুজ্জামান, শিখা সেনগুপ্তা ও সুমিত পাল। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে স্রোত আবৃত্তি সংসদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগীতা ইমাম, মিতা রায় ও শেখ আনিসুর রহমান।