নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজীকরণ এবং স্মার্ট কার্ডের দীর্ঘসূত্রতা কাটাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে তথ্য সংশোধনের ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তবে তিনি স্পষ্ট করে বলেন, বয়স বা নাম এবং পিতা-মাতার নামের মতো গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র ছাড়া সংশোধন করা সম্ভব নয়, তাই এই ধরনের আবেদন নিয়ে অভিযোগ করা সঠিক হবে না।
বর্তমানে প্রায় ১২ কোটি ৮৮ লাখ নাগরিক ভোটার হিসেবে তালিকাভুক্ত এবং ১৬-১৭ বছর বয়সীদের নিবন্ধন প্রক্রিয়াও চলমান রয়েছে। ২০০৮ সাল থেকে লেমিনেটেড কার্ড প্রদান শুরু হলেও পরবর্তীতে স্মার্ট কার্ডের প্রবর্তন করা হয়। তবে কারিগরি ও আর্থিক জটিলতার কারণে গত কয়েক বছর ধরে স্মার্ট কার্ড মুদ্রণ ও বিতরণের গতি অত্যন্ত ধীর হয়ে পড়ে। বর্তমানে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এই স্থবিরতা কাটিয়ে দ্রুত কার্ড বিতরণের চেষ্টা করছে।
এনআইডি উইংয়ের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ৬৫ লাখেরও বেশি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে সোয়া এক লাখ আবেদন প্রক্রিয়ধীন রয়েছে। তবে প্রায় সাড়ে ১৩ লাখ আবেদন বাতিল করা হয়েছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে জানানো হয়েছে— উপযুক্ত নথিপত্রের অভাব, তথ্যের অসংগতি, জন্মনিবন্ধন সংক্রান্ত সমস্যা, জাল কাগজপত্র দাখিল এবং শুনানিতে অনুপস্থিতি। ইসি সচিব জানান, আপিল প্রক্রিয়া সহজ করতে এক পৃষ্ঠার ফর্ম চালু করা হয়েছে, যার ফলে আগে যেখানে একটি আপিল প্রসেস করতে সারাদিন লাগত, এখন তা মাত্র আধা ঘণ্টায় সম্ভব হচ্ছে।
সংশোধন আবেদনগুলোকে ক, ক-১, খ, খ-১, গ এবং ঘ— এই ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে নামের বানান সংশোধনের মতো ছোট ভুলগুলো 'ক' ক্যাটাগরিতে এবং জন্মতারিখ বা বাবা-মায়ের নামের বড় পরিবর্তনের মতো জটিল বিষয়গুলো 'ঘ' ক্যাটাগরিতে রাখা হয়। বর্তমানে 'ঘ' ক্যাটাগরির ৭৩ হাজারেরও বেশি আবেদন মহাপরিচালকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া আইনি জটিলতা, দুদকের মামলা বা প্রশাসনিক কারণে প্রায় চার-পাঁচ হাজার এনআইডি লক করা রয়েছে এবং প্রায় ৩০ হাজার এনআইডি 'ফাইন্ড ম্যাচ' অবস্থায় যাচাইয়ের অপেক্ষায় আছে, যা সফটওয়্যার উন্নয়নের পর স্থানীয়ভাবে সমাধান করা যাবে।
স্মার্ট কার্ড বিতরণের ক্ষেত্রে অবার্থুর টেকনোলজি এবং পরবর্তীতে বিএমটিএফ-এর সঙ্গে চুক্তির নানা জটিলতা ও অডিট আপত্তির কারণে সমস্যা তৈরি হয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বর্তমানে পার্সোনালাইজেশন সেন্টারে কিছু টেকনিক্যাল ও সফটওয়্যার সমস্যা দেখা দিয়েছে, যা দ্রুত সমাধানের কাজ চলছে। তিনি উল্লেখ করেন, স্মার্ট কার্ড প্রিন্টিং সাময়িকভাবে বিঘ্নিত হলেও এনআইডি সেবা বন্ধ নেই; নাগরিকরা ওয়েবসাইট থেকে এনআইডি প্রিন্ট করে লেমিনেট করে ব্যবহার করতে পারেন।
পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত পৌনে নয় কোটি স্মার্ট কার্ড প্রিন্ট করা হলেও মাঠপর্যায়ে বিতরণ হয়েছে মাত্র ৭ কোটি ৩৬ লাখ। এখনো সোয়া এক কোটি কার্ড বিতরণ করা বাকি এবং প্রায় চার কোটি কার্ডের ঘাটতি রয়েছে। ইসি সচিবের মতে, বর্তমানে ২ কোটি ৩৬ লাখ ব্ল্যাংক কার্ড মজুদ আছে, যা কিছু অনিষ্পন্ন আইনি ও কারিগরি সমস্যা সমাধান হলে দ্রুত মুদ্রণ ও বিতরণ করা সম্ভব হবে। একই সঙ্গে এনআইডি সেবায় প্রতারণা রোধে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করছে কমিশন।




