কাঁটাতার পেরিয়ে প্রতিদিনের সংগ্রাম, চোরাচালানের রোজনামচা আর সীমান্তঘেঁষা মানুষের জীবনের নানা টানাপোড়েন — এসব বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাঙগোয়াল’। লালমনিরহাটের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ শাহীদুজ্জামান লাবলুর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন জ্যোতির্ময় রায়। সীমান্তের আশপাশে যাঁরা গরু, নিষিদ্ধ পণ্য কিংবা মানুষ পারাপারের কাজে যুক্ত, তাঁদের স্থানীয় পরিভাষায় ‘ডাঙগোয়াল’ নামে ডাকা হয়। সেই শব্দটিই হয়ে উঠেছে চলচ্চিত্রটির শিরোনাম।
নির্মাতা জানান, ছিটমহল ও সীমান্ত এলাকার ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করার ইচ্ছা ছিল তাঁর। একদিন লাবলু ভাইয়ের একটি নাটক দেখে মুগ্ধ হয়ে তাঁর সঙ্গে দেখা করেন জ্যোতির্ময়। আলাপচারিতায় লাবলু নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা শোনান, আর সেই গল্পই ধীরে ধীরে রূপ নেয় ‘ডাঙগোয়াল’র চিত্রনাট্যে। নাটকটি লেখার সময় লাবলুর ভেতরে যে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেটিও ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানান নির্মাতা।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া, বিধান রায় এবং ভাটিবাড়ি লোক নাট্যদলের শিল্পীরা। নির্মাতার ভাষ্যমতে, এখন চলচ্চিত্রটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর প্রস্তুতি চলছে। উৎসবগুলোর প্রদর্শনী শেষ হলে দর্শকদের জন্য এটি ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ইউটিউবে প্রকাশ করা হবে।




